কলকাতা, ৮ অক্টোবর: দুষ্কৃতীদের নিশানায় কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ তাঁর দক্ষিণ কলকাতার কালিকাপুর এলাকার বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। বাড়ি লক্ষ্য করে একের পর এক মদের বোতল ছুড়ে মারা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বিকাশবাবুর গৃহ সহায়িকা। এর পরে পুলিশের দ্বারস্থ হন তিনি। এদিকে, খবর পেয়ে বর্ষীয়ান এই সিপিএম নেতার বাড়িতে যান দলের রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে আক্রমণ করল কারা? এদিনের হামলার জন্য ‘হিন্দুত্ববাদীদের’ দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিকাশবাবু। হামলার সময়কার দৃশ্য ধরা পড়েছে বাড়ির বাইরে লাগানো সিসি ক্যামেরায়। সেই ফুটেজ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একজনের কাজ। আক্রমণকারী মোটর বাইকে চেপে এসেছিল। বাইকের নম্বর প্লেট ও নিজের ঢাকা ছিল। মদের বোতল ছুঁড়ে বাড়ির জানালার কাচ, দরজা ভেঙেছে। ভোরবেলা তখন সবাই ঘুমাচ্ছিল। আমিও বাড়িতেই ছিলাম। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। আমার অনুমান হিন্দুত্ববাদীরা এই হামলা চালিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, পুলিশ কমিশনারের কাছে রিভলভারের লাইসেন্স চাইব।’
বিকাশরঞ্জন প্রাক্তন সাংসদ। তাঁর বাড়িতে এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব যাদবপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। আক্রমণকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
আইনজীবীদের উপর আক্রমণ চলছেই। বিশেষত একের পর এক বাম আইনজীবীদের উপর হামলা চলছেই। বারুইপুরে সায়ন বন্দ্যোপাধ্যায় এর উপর আক্রমণ হয়েছে। দিন কয়েক আগে মেদিনীপুরে শামিম আহমেদের গাড়িতেও প্রাণঘাতী হামলা হল। বিকাশবাবুর বাড়িতে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন আইনজীবী শামীম আহমেদ।