কাঁকসার বনকালী ও আউশগ্রামে লাহাবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে অলৌকিক কাহিনি
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: ঘন জঙ্গলের মধ্যে কাঁকসার রাজকুসুমে পূজিত হন দেবী বনকালী। ৫০০ বছরেরও বেশি সময় ধরে বনকালী পূজিত হচ্ছেন। তবে দেবীর কোনো মূর্তি এখানে আসে না। গাছের নীচে বারিঘট রেখে পুজো করা হয়। প্রাচীন এই পুজো দেখতে কয়েক হাজার মানুষের সমাগম হয়। বংশগতভাবে রায় পরিবার এই পুজোর আয়োজন করেন।

Advertisement

বনকালী পুজোয় রয়েছে একাধিক নিয়ম। যেমন পূজারী পুজোয় সময় বসার জন্য কম্বল জাতীয় কোন আসনের ব্যবহার করতে পারেন না। প্রাচীন রীতি মেনে গাছ থেকে ডাল পাতা ভেঙে তা মাটির উপর বিছিয়ে দেওয়া হয়। তার উপরেই বসে পূজারী পুজো করেন। রায় পরিবারের সদস্যরা জানান দুর্গাপুরের গোপালপুরের ভট্টাচার্য পরিবারের বড় কালীর সঙ্গে এই বনকালীর সংযোগ রয়েছে। গোপালপুরে মূর্তি পুজোর নৈবেদ্য সহ নানা উপকরণ রাজকুসুম থেকে পাঠানো হয়। পরের দিন সকালে গোপালপুরে আর কোন পুজো হয় না। সেই পুজো এখানে অনুষ্ঠিত হয়। রাজকুসুমের বড়কালীর পুরোহিত, বাদ্যকার, যিনি ছাগ বলি করেছেন সকলে এসে বনকালী তলায় উপস্থিত হন। তাঁরাই পুজো সম্পন্ন করেন। 
কথিত আছে, একসময় এখানে দেবী মূর্তি নিয়ে আসা হতো। গোপালপুরের ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই পুজোর পুরোহিত ছিলেন তখন। রাতে গভীর জঙ্গল পেরিয়ে তাঁরা এখানে পুজো করতে আসতেন। একবার ঝড়বৃষ্টির সময় তাতে বিঘ্ন ঘটে। দেবীর স্বপ্নাদেশ পান ব্রাহ্মণ। দেবী নির্দেশ দেন মূর্তি পুজো গোপালপুরে করার এবং দ্বিতীয় দিনের পুজো বনকালী তলায় করার। তারপর থেকে সেই রীতি চলে আসছে। রায় পরিবার দুই শরিক পুজোর দায়িত্ব পালন করে আসছে। পুজোয় বলি প্রথা আছে। দু’টি ছাগ রায় পরিবারের দুই শরিকের তরফ থেকে দেওয়া হয়। তারপর মানসিকের ছাগ বলি হয়। 
অন্যদিকে আউশগ্রাম-২ ব্লকের রঘুনাথপুরে লাহাবাড়ির পুজো ৩০০ বছর অতিক্রম করেছে। এই কালীপুজোয় একাধিক নিয়ম রয়েছে। যেমন পুজোর দিন ১০ কেজি আতপ চালের নৈবেদ্য দেবীকে নিবেদন করা হয়। এখানে পুজোর সময় প্রথমে বর্ধমানের মহারাজ উদয়চাঁদের নামে পুজো দেওয়া হয়। তবে কেন এই রীতি তাই নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলেন, একবার উদয়চাঁদ এই এলাকায় এসে অসুস্থ হয়ে পড়েন. তখন লাহাবাড়ির দেবীর কাছে পুজো দিয়ে সুস্থ হয়েছিলেন। তারপর থেকে তিনি পুজোর সামগ্রী লাহাবাড়িতে পাঠাতেন। তাঁর নামে পুজো দেওয়া হতো। অন্যমতে এই বাড়ির কোনো পূর্বপুরুষ দৈব নির্দেশ পুজো শুরু করেছিলেন। সেই কথা মাহারাজকে জানালে উনি জমিদান করে পুজো চলতে সাহায্য করেছিলেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা থেকে এই রীতি। স্থানীয়রা জানান, প্রাচীন এই পুজো দেখতে ব্যাপক ভিড় হয়। 
 কাঁকসার ঘন জঙ্গলে পূজিত হন বনকালী। নিজস্ব চিত্র