Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ত্রিকোণ প্রেমের বলি নাবালক

মাটিগাড়ায় নৃশংস খুন। ত্রিকোণ প্রেমের জেরে প্রাণ গেল এক নাবালকের।

ত্রিকোণ প্রেমের বলি নাবালক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়ায় নৃশংস খুন। ত্রিকোণ প্রেমের জেরে প্রাণ গেল এক নাবালকের। তিনদিন নিখোঁজ থাকার পর সোমবার রাতে ওই কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হতেই দফায় দফায় উত্তাল হয় মাটিগাড়া। এর রেশ চলে মঙ্গলবার দিনভর। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় দেহ নিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মৃতের পরিজনরা। ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন তীব্র হবে বলে হুমকি দিয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় পুলিশের দাবি, একজন গ্রেপ্তার হয়েছে। মূল অভিযুক্ত ফেরার। তার সন্ধানে তল্লাশি চলছে। কয়েকজনকে জেরা করে দোষীর নাগাল পেতে মরিয়া তদন্তকারীরা। 

Advertisement


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া ব্লকের শিমূলবাড়ির বাসিন্দা ছিল শুভজিৎ মোদক (১৫)। শনিবার আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা জানতে পারেন এলাকারই এক কিশোর শুভজিৎকে ডেকে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে ওই কিশোরকে শুভজিতের ব্যাপারে প্রশ্ন করা হলে সে এই বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি। বাধ্য হয়ে নিখোঁজ ছেলের সন্ধান পেতে রবিবার সকালে মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, প্রথমদিকে পুলিশ ঘটনার তদন্ত নিয়ে তেমন গা লাগায়নি। এরপর স্থানীয়রাই সেই রাতে শুভজিতের বন্ধু ওই কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। যদিও তাকে জেরা করে পুলিশ প্রথমটায় তেমন কিছুই জানতে পারেনি। সোমবার রাতে নিখোঁজের পরিবারের লোকেরা থানায় গিয়ে ফের বিক্ষোভ দেখান। পুলিশ আটক কিশোরকে জেরা করলে তখন সে স্বীকার করে, গ্রামেরই এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল তার বন্ধু শুভজিৎ এবং রাজ পাসোয়ান নামে এলাকার এক যুবক। পরে তাদের মধ্যে গণ্ডগোল হয়। এরপরেই ওই যুবক শুভজিতকে খুন করার পরিকল্পনা করে। জেরায় ওই কিশোর পুলিশকে জানায়, শনিবার সন্ধ্যায় তার ডাকেই সাড়া দিয়ে শুভজিৎ বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে সুকনা এলাকার একটি চা বাগানের পিছনের জঙ্গলে ওকে ফেলে রেখে আসা হয়। পুলিশ কিশোরের দেওয়া বয়ান অনুযায়ী সোমবার রাত ২টো নাগাদ তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে শুভজিতের পচাগলা দেহ উদ্ধার করে। এরপরেই ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা করেন স্থানীয়রা। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন উত্তরবঙ্গ মেডিকেলে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। সন্ধ্যায় দেহ নিয়ে এসে প্রথমে বালাসন সেতু ও পরে খাপরাইল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান নাবালকের পরিবারের সদস্যরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, ইতিমধ্যেই আমরা এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ