সংবাদদাতা, রামপুরহাট: প্রায় একমাস ধরে নিখোঁজ ছিল নাবালিকা স্কুলছাত্রী। তার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটের কালীডাঙা গ্রামে। গত ২২ আগস্ট থেকে নিখোঁজ ছিল সে। স্কুল যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় সন্ধান করেও কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা ছিলেন গভীর চিন্তায়। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। গতকাল, মঙ্গলবার গভীর রাতে ওই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় কালীডাঙা গ্রামেরই একটি নির্জন এলাকা থেকে। একাধিক টুকরো করা হয়েছে ওই নাবালিকার দেহের, জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ওই শিক্ষকই এই ঘটনার সঙ্গে যুক্ত। নাবালিকাটির স্কুলেই পড়ায় অভিযুক্ত শিক্ষক।



