Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরির প্রস্তাব, নীতিন গাদকাড়িকে চিঠি মন্ত্রী সুকান্ত’র, খতিয়ে দেখার আশ্বাস

শিলিগুড়ির সঙ্গে বালুরঘাটের সরাসরি সড়ক যোগের উদ্যোগ।

বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরির প্রস্তাব, নীতিন গাদকাড়িকে চিঠি মন্ত্রী সুকান্ত’র, খতিয়ে দেখার আশ্বাস
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: শিলিগুড়ির সঙ্গে বালুরঘাটের সরাসরি সড়ক যোগের উদ্যোগ। বালুরঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত এক্সপ্রেসওয়ে তৈরির প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাদকাড়িকে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মূলত উত্তরবঙ্গের মানচিত্রে যোগাযোগের বিচ্ছিন্নতা কাটিয়ে বালুরঘাটকে সরাসরি শিলিগুড়ির সঙ্গে উচ্চগতির সড়ক পথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীকে এই চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠির উত্তর দিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ফলে প্রস্তাবটি সমীক্ষা করে দেখা হবে বলে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

Advertisement

সুকান্ত মজুমদার বলেন,শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ফলে বালুরঘাটকে শিলিগুড়ির সঙ্গে সরাসরি উচ্চগতির সড়কপথে যুক্ত করা গেলে শুধু যাতায়াতের সময় কমানো নয় পণ্য পরিবহণ, পর্যটন ও বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ আরও মজবুত হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাদকাড়ি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। 
বালুরঘাট থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। এই দূরত্বে পৌঁছতে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের অনেকটা সময় লেগে যায়। সড়ক পথে বালুরঘাট থেকে শিলিগুড়ি যেতে ছয় থেকে নয় ঘণ্টা সময় লাগে। রেলপথের যোগাযোগ ব্যবস্থা তেমন নেই। বর্তমানে বালুরঘাট ও সংলগ্ন এলাকা সরাসরি কোনো উচ্চগতির করিডরের সঙ্গে যুক্ত নয়। ফলে যাত্রী ও পণ্য পরিবহণে পুরনো ও যানজটপূর্ণ সড়কের উপর নির্ভর করতে হচ্ছে। এতে বাড়ছে যাত্রার সময়। তৈরি হচ্ছে নানা ধরনের হয়রানি ও সমস্যা। এই পরিস্থিতিতে বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরি হলে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। একটি বিকল্প এক্সপ্রেস হাইওয়ে তৈরি হলে দ্রুত শিলিগুড়ি যাতায়াত করা যাবে।
তবে এই প্রকল্পের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। দীর্ঘদিন ধরে গাজোল থেকে হিলি পর্যন্ত ৫১২ নম্বর জাতীয় সড়ক চার লেন করার কাজ আটকে ছিল। রাজ্য সরকারের পরিবর্তনের পর অবশেষে নতুন করে ৫১২ নম্বর জাতীয় সড়কটি চার লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে তার জন্য সমীক্ষা চলছে। তাই ওই সড়ককে কেন্দ্র করে নতুন এক্সপ্রেসওয়ে তৈরি করা সম্ভব নয়। এই এক্সপ্রেসওয়ে তৈরির জন্য নতুন করে জমি অধিগ্রহণ করে রাস্তা বের করতে হবে। তবে প্রয়োজনীয় জমি রয়েছে বলে সাংসদের দাবি। তাই ওই জমি অধিগ্রহণ করা হলে দ্রুতগতির একটি এক্সপ্রেসওয়ে তৈরি হবে। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারাও লাভবান হবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ