


সংবাদদাতা, তারকেশ্বর: অতিরিক্ত বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে হরিপাল ব্লকে কৃষিজমির একাংশ আগেই প্লাবিত হয়েছিল। এবার ডাকাতিয়া খালের বাঁধ ভেঙে প্লাবিত হল হরিপাল বিধানসভার অন্তর্গত সহদেব গ্রাম পঞ্চায়েতের খাজুরিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা। রবিবার এই প্লাবিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না সহ জনপ্রতিনিধিরা।
ফি বছর ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় হরিপালের বিস্তীর্ণ অঞ্চলের কৃষিজমি। ফলে ক্ষতিগ্রস্ত হন চাষিরা। হরিপাল ব্লকের একপাশ দিয়ে বয়ে গিয়েছে ডাকাতিয়া খাল। অতিরিক্ত বৃষ্টির কারণে ডিভিসি জল ছাড়লে সেই জল ডাকাতিয়া খাল দিয়ে বয়ে যায়। বছরের অন্যান্য সময় এই খালে অল্প জল থাকলেও বর্ষার সময় তা উপচে চাষের জমিতে ঢুকে পড়ে। জলের চাপেই খালের বাঁধ ভেঙেছে সহদেব গ্রাম পঞ্চায়েত এলাকায়। জলমগ্ন হয়েছে এই ব্লকের সহদেব, দ্বারহাট্টা, কৈকালা গ্ৰাম পঞ্চায়েতের বিস্তীর্ণ কৃষি জমি। ফলে এই তিন পঞ্চায়েত অন্তর্ভূক্ত কলুবাটি, ভগবতীপুর, খাজুরিয়া, কনকপুর, পার্বতীপুর, কৃষ্ণবল্লভবাটি সহ একাধিক গ্ৰামের চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মন্ত্রী বেচারাম মান্না বলেন, ডাকাতিয়া খালের বাঁধ মেরামত সহ অন্যান্য কাজ দ্রুত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। চাষিদের ক্ষয়ক্ষতির বিষয়টি নথিভুক্ত করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব চিত্র