নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকার করার দাবি জানিয়ে পরিবহণমন্ত্রীকে স্মারকলিপি দিল মালিক সংগঠন। ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’-এর এক প্রতিনিধিদল সোমবার মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে অবিলম্বে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। কলকাতার ক্ষেত্রে বেসরকারি বাসের ভাড়া প্রথম ৪ কিমির জন্য ১৮ টাকা করার কথা চিঠিতে বলা হয়েছে। অন্যদিকে, জেলার ক্ষেত্রে বাসের ন্যূনতম ভাড়া ২০ টাকা করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মালিক সংগঠন। পশ্চিমবঙ্গে ২০১৮ সালের ১১ জুন শেষবার বাস ভাড়া বেড়েছিল। ন্যূনতম ভাড়া ধার্য হয়েছিল ৭ টাকা। তারপর থেকে খাতায় কলমে আনুষ্ঠানিকভাবে ভাড়া বৃদ্ধি না হলেও বর্তমানে বেসরকারি বাসে উঠলেই ১০ টাকা খরচ করতে হয়। গত সেপ্টেম্বরে একাধিক বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে পুজোর পর ভাড়া বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং পরিবহণমন্ত্রী। সেই সূত্রেই একলপ্তে ন্যূনতম ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার দাবিপত্র পেশ করেছে ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’।
সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, শহরে অটো রিকশয় ৩ কিমি সফর করলেই যাত্রীদের ১৮ টাকা দিতে হয়। আমরা প্রথম চার কিমির জন্য সেই ভাড়া দাবি করেছি। কারণ, গত আট বছরে যন্ত্রাংশের দাম কয়েকগুণ বেড়েছে। ডিজেল ১০০ টাকা লিটার। এই ভাড়া না হলে বেসরকারি পরিবহণ শিল্পটাই লাটে উঠে যাবে। অন্যদিকে, কলকাতা ও জেলার ক্ষেত্রে ন্যূনতম ১৮ টাকার পাশাপাশি, পরবর্তী ধাপের প্রস্তাবও দেওয়া হয়েছে।
তৃণমূল জমানায় দু’বার বাসের ভাড়া বাড়ানোর লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ২০২১ ও ২০২২ সালে সরকারি অফিসারদের নিয়ে গঠিত সেই কমিটির রিপোর্ট আজও দিনের আলো দেখেনি। সূত্রের দাবি, প্রথম রিপোর্টে সরাসরি বাসভাড়া ন্যূনতম ২ টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। দ্বিতীয় কমিটি বর্তমানের ন্যূনতম ভাড়ার ‘স্টেজ’ ৪ কিমি থেকে কমিয়ে ৩ কিমি করার প্রস্তাব দেয়। যাত্রীদের একাংশ অবশ্য প্রশ্ন তুলছেন, বাসভাড়া বৃদ্ধি হলে পরিষেবার মান বাড়বে কি? কারণ, এই মুহূর্তে শহর কিংবা জেলায় বেসরকারি বাস-মিনিবাসের হাল খুব খারাপ। কন্ডাকটর কিংবা বাস চালকদের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।



