Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

পাহাড়ে সাত পাকে বাঁধা পড়ছেন মিমি! পাত্র নৌসেনা অফিসার? টলিউডে জল্পনা তুঙ্গে

বিয়ে নিয়ে প্রশ্ন তাঁর বরাবর ‘নাপসন্দ’। হয় জবাব এড়িয়েছেন, নয়তো বলেছেন, ‘কেন বিয়ে করব?’ অবশেষে সেই সুদিন সমাগত। আর কয়েকমাসের মধ্যেই সম্ভবত ছাদনাতলায় বসতে চলেছেন তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

পাহাড়ে সাত পাকে বাঁধা পড়ছেন মিমি! পাত্র নৌসেনা অফিসার? টলিউডে জল্পনা তুঙ্গে
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ে নিয়ে প্রশ্ন তাঁর বরাবর ‘নাপসন্দ’। হয় জবাব এড়িয়েছেন, নয়তো বলেছেন, ‘কেন বিয়ে করব?’ অবশেষে সেই সুদিন সমাগত। আর কয়েকমাসের মধ্যেই সম্ভবত ছাদনাতলায় বসতে চলেছেন তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী। যাদবপুরের প্রাক্তন সাংসদের বিবাহিত জীবন শুরু হবে চলতি বছর ডিসেম্বরেই। না, মিমি অবশ্য এ খবর নিশ্চিত করেননি। তবে টলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, কালিম্পংয়ে বসছে নায়িকার বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে তিনি। তাই পাহাড়কে সাক্ষী রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। 

Advertisement

মিমির কেরিয়ার শুরু ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে তাঁর অভিনীত পুপে চরিত্রটি সাড়া ফেলে দিয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার বছর দু’য়েকের মধ্যে ‘বাপি বাড়ি যা’,‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’... বাণিজ্যিক নায়িকার চেনা ছক ভেঙে সম্পূর্ণ ঘরোয়া মেয়ে হিসাবে তাঁর অভিনয় নজর কাড়ে তিনটি ছবিতেই। এরপর আর ফিরে তাকাতে হয়নি। তাঁর একের পর এক কাজ পছন্দ করেছেন দর্শক। তাঁর প্রেমে ‘হাবুডুবু’ও খেয়েছেন। ‘বোঝে না...’ ছবির শ্যুটিং চলাকালীনই পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর রাজের পরিচালনায় ‘যোদ্ধা’, ‘কাটমুণ্ডু’ ছবিতে অভিনয়। পরে রাজ-মিমির সম্পর্ক ভাঙা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল ইন্ডাস্ট্রিতে। ২০১৮ সালে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রাজ। পরের বছরই বিয়ে করেন মিমির ‘বেস্ট ফ্রেন্ড’ নুসরত জাহান। ‘মিমি কবে বিয়ে করছেন?’ এই প্রশ্নবাণে তারপর থেকে একাধিকবার বিদ্ধ হতে হয়েছে অভিনেত্রীকে। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হওয়ার পরও। তিনি অবশ্য সদুত্তর দেননি কখনো। একবার বিরক্ত হয়ে বলেছিলেন, ‘আমি যা অর্জন করেছি, সেসবের কী কোনো মূল্যই নেই? কেবল বিয়ে আর সন্তানেরই মূল্য রয়েছে?’ জনপ্রিয় রিয়েলিটি শো-এর মঞ্চে এ নিয়ে মজাও করেছেন, ‘পাত্রই পাচ্ছি না, বিয়ে করব কী!’ 
তবে টলিপাড়ার সাম্প্রতিকতম জল্পনা, তিনি পাত্র পেয়েছেন। শোনা যাচ্ছে, মিমির মনের মানুষ নৌসেনায় কর্মরত। নাম সিদ্ধার্থ। বেশ কয়েকটি ছবি শনিবার থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মিমির সঙ্গে গ্রুপ সেলফিতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। তাঁকে ফোনে পাওয়া যায়নি। জবাব মেলেনি মেসেজেও। নায়িকার আপ্তসহায়ক এ বিষয়ে কোনো মন্তব্যই করতে নারাজ। তবে জল্পনা অনুযায়ী, হাতে মাত্র সাড়ে তিন মাস। সে কারণে জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। শপিংও শুরু করেছেন দুই পরিবারের সদস্যরা। নভেম্বরে নাকি আইনি বিয়ে সারবেন মিমি। আর ডিসেম্বরে চার হাত এক হবে তাঁদের। 
চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে মিমি অভিনীত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। সৃজিৎ মুখোপাধ্যায়ের সেই ছবির পাশাপাশি ১১ বছর পর ‘প্রাক্তন’ রাজ চক্রবর্তীর প্রযোজনা করা একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সেই ছবির প্রস্তুতিও শুরু করেছেন অভিনেত্রী। এর মাঝে আচমকা এই গুঞ্জন কতখানি সত্যি, তা স্পষ্ট হবে মিমির জবাবেই। আপাতত তারই অপেক্ষায় অনুরাগীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ