নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। বনগাঁর বিজেপি নেতা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন মিমি। ২৫ জানুয়ারি বনগাঁ পুরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। রাত পৌনে বারোটা নাগাদ তিনি মঞ্চে ওঠেন। অভিযোগ, মিমির গানের মাঝে ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী স্টেজে উঠে গান থামিয়ে মিমিকে মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। ঘটনার পর বনগাঁ থানায় মিমি অভিযোগ করেন। গ্রেপ্তার হন তনয়। পরে জামিন পেয়ে বিজেপিতে যোগ দেন। তাঁর দাবি, অন্যায়ভাবে তাঁকে মামলায় জড়ানো হয়েছিল। রাজ্যে পালাবদলের পর তিনি ন্যায়বিচারের আশায় পুলিশ সুপার ও বনগাঁ থানার দ্বারস্থ হন। তনয় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, সহজে মিমি চক্রবর্তীকে ছেড়ে দেবেন না। সেই কারণেই এখন সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মিমি। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।



