নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় মিলেট মেলার আয়োজন করল কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের ফুড সেফটি শাখা ১৯ মার্চ সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্ক উদযাপন কমিউনিটি হলে এই মেলার আয়োজন করতে চলেছে। স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, মূলত ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে মিলেট জাতীয় খাদ্যবস্তু কার্যকরী। তাই শহরের মানুষের মধ্যে এ জাতীয় খাবার সম্পর্কে প্রচার চালাতে এই আয়োজন। মিলেট জাতীয় খাবার হল, জোয়ার, বাজরা, রাগি থেকে যে খাদ্য প্রস্তুত হয় তা। সেগুলি মেলার মাধ্যমে তুলে ধরা হবে। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, এই মিলেট জাতীয় খাদ্যবস্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে দেয়। মিলেটে গ্লাইসেমিক ইনডেক্স অর্থাৎ যা রক্তের শর্করার পরিমাণ বাড়ায়, তা অনেক কম থাকে। ফলে ডায়াবেটিস হয় না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মিলেট জাতীয় খাবারের উপর প্রচার করেছেন। এক পুরকর্তা বলেন, সমীক্ষায় দেখা গিয়েছে, ভাত, আটা কিংবা ময়দার রুটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। বাংলা তথা দেশের পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে মিশ্র খাদ্যাভাস থাকায় সেটা ততটা প্রকট নয়। কিন্তু দেখা গিয়েছে, রাজস্থানে মিলেট জাতীয় খাবার যথেষ্ট প্রচলিত। সেখানে ডায়াবেটিসের রোগী অনেক কম। আবার মধ্যপ্রদেশ কিংবা পাঞ্জাবের মত রাজ্যে ডায়াবেটিসের রোগী বেশি। মূলত এই ধরনের খাবারের গুণাগুণ সম্পর্কে মানুষকে অবহিত করতেই মিলেট মেলার আয়োজন করা হচ্ছে।



