নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মানুষের শরীরে মিলছে মাইক্রো প্লাস্টিক। রক্ত, শুক্রানু, প্লাসেন্টা এমনকী মাতৃদুগ্ধেও তার উপস্থিতির প্রমাণ মিলেছে। এনিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। নয়াদিল্লি ও যোধপুর এইমসের সহায়তায় এই প্রশিক্ষণ হবে।
Advertisement
মানবদেহে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করেছে আইসিএমআর। তবে দেশ-বিদেশের বিভিন্ন গবেষণায় প্রাথমিকভাবে দেখা গিয়েছে, নাক-মুখ দিয়েই শরীরের মধ্যে নিঃশব্দে প্রবেশ করে এই ‘বিষ’। শ্বাস ও খাবারের মাধ্যমে। দীর্ঘ মেয়াদে তা ক্ষতি করে ফুসফুস, পাকস্থলি, খাদ্যনালী, লিভারের। হতে পারে চর্মরোগও। মাইক্রো প্লাস্টিক রুখতে ভবিষ্যতে কেন্দ্রীয় নীতি তৈরি হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।



