হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান টিয়ার মিগুয়েলের
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্র্যাকটিসে চোট পেয়েছিলেন মিগুয়েল। হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান টিয়ার। আপাতত বিশ্রাম ছাড়া উপায় নেই। অর্থাৎ শনিবার পাঞ্জাব এফসি’র বিরুদ্ধেও ব্রাজিলিয়ান প্লে-মেকারকে পাচ্ছে না মোহন বাগান। পাশাপাশি আপুইয়া হাসপাতাল থেকে ফিরলেও বেশ দুর্বল। মাঠে এলেও অনুশীলন করতে পারেননি। মিজো মিডিওকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাকি রইলেন জেমি ম্যাকলারেন। বৃহস্পতিবার কিছুক্ষণ অনুশীলন করে উঠে যান ম্যাকা। পুরো ম্যাচ খেলা তাঁর পক্ষেও প্রায় অসম্ভব। সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী অজি বিশ্বকাপারকে খেলাতে মরিয়া পানোস। মোদ্দা কথা, নিজের পুরানো দলের বিরুদ্ধে নামার আগে মোটেও স্বস্তিতে নেই মোহন বাগানের গ্রিক কোচ।

Advertisement

আগের ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলে চেন্নাইয়ানের বিরুদ্ধে উতরে গিয়েছিল মোহন বাগান। কিন্তু মাঝমাঠে পাসারের অভাব স্পষ্ট। স্ট্রাইকার লি আরউইন প্রথমার্ধে বলই পাননি সেভাবে। দলের হাল দেখে কট্টর সমর্থকও আশাবাদী নন। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে পাঞ্জাব ও এড়িশার বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। শক্তির বিচারে মোহন বাগানই এগিয়ে। কিন্তু কাগজে-কলমে ফেভারিট হওয়া কাজের কথা নয়। ম্যাচ জিততে পারফরম্যান্স প্রয়োজন। এখনও পর্যন্ত তা উপহার দিতে পারেননি জেলকোভিচরা। অথচ সোনায় মোড়া স্কোয়াড গ্রিক কোচের হাতে। ডাঁটাচচ্চড়ি দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না। কিন্তু সেরা মশলা ঢেলেও সাধারণ রান্না হলে দায় বর্তায় রাঁধুনির উপরেই। সোশ্যাল মিডিয়ায় পানোসকে নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সমর্থকরা। কিন্তু পরিসংখ্যান গ্রিক কোচের হয়ে ব্যাট ধরছে। চলতি মরশুমে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগান। ডার্বিতে এখনও হাবাসের চেয়ে ২-১ ব্যবধানে এগিয়ে তিনি। তাই টিম ম্যানেজমেন্টের আশা, ফাইন টিউন করতে পারলে এই দল ফুল ফোটাবে। সূত্রের খবর, পাঞ্জাবেরহ বিরুদ্ধে প্রথম একাদশে দু-একটা বদল আনতে পারেন গ্রিক কোচ।
আইএফএ শিল্ড সেমি-ফাইনালে এই পাঞ্জাবকেই হারিয়েছিল মোহন বাগান। কিশোর ভারতীতে ম্যাচ গড়িয়েছিল টাই-ব্রেকারে। নাইজেরিয়ান স্ট্রাইকার মেসি বৌলি দুরন্ত ফর্মে। তবে অল ইন্ডিয়ান ডিফেন্সে খেলছে তারা। দুই স্টপার বিজয় ভার্গিস ও নিখিল প্রভুর মধ্যে তালমিলের অভাব রয়েছে। গত মরশুমে পাঞ্জাবের নিউক্লিয়াস ছিলেন এফিয়ং, রামিরেজ ও জেলকোভিচ। তিনজনেই দল ছাড়ার পর ভারসাম্য নষ্ট হয়েছে। ডিফেন্ডার পরমবীরের ঠিকানা নর্থ ইস্ট ইউনাইটেড। তাই গুছিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে পাঞ্জাব। যুবভারতীর বড়ো মাঠে অভিজ্ঞতাও ফ্যাক্টর। এক্ষেত্রেও এগিয়ে থাকবে মোহন বাগানই।