নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার মধ্যরাত। গমগম করছে দমদম বিমানবন্দর। একদিকে দলের নয়া অজি ফুটবলার ক্রিস ইকোনোমিডিসকে স্বাগত জানাতে হাজির ছিলেন লাল-হলুদ অনুরাগীরা। আর ঘণ্টা দুয়েক বাদেই শহরে পা রাখার কথা ইস্ট বেঙ্গল ছেড়ে মোহন বাগানে যোগ দেওয়া মিগুয়েল ফিগুয়েরা। সেই মতো অনেক আগেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। নিজেদের ফুটবলারকে স্বাগত জানানোর মঞ্চেই কথার লড়াইয়ে জড়ালেন দুই প্রধানের অনুরাগীরা। মাঠের বাইরের এই ডার্বি থামাতে আসরে নামতে হয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের। যেহেতু ইস্ট বেঙ্গলের ক্রিস আগে শহরে পা রাখেন, তাই সেই সময় মোহন বাগান সমর্থকদের দূরে সরিয়ে দেওয়া হয়। লাল-হলুদের অজি ফুটবলার বিমানবন্দর চত্বর ছাড়তেই এগিয়ে আসেন বাগান অনুরাগীরা। ব্যানার-পোস্টার হাতে ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানান তাঁরা। নিজেদের প্রাক্তন ফুটবলারকে দেখতে সেই সময় হাজির ছিলেন দুই লাল-হলুদ সমর্থকও।
গতবার ইস্ট বেঙ্গলের আইএসএল খেতাব জয়ের অন্যতম কান্ডারি ছিলেন মিগুয়েল। টুর্নামেন্টের সেরা ফুটবলারও নির্বাচিত হন তিনি। তবে মরশুম শেষ হতেই দলবদলের আসরে তাঁকে সই করিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দেয় মোহন বাগান। মঙ্গলবার গভীর রাতে শহরে পৌঁছেই মিগুয়েল জানিয়ে দেন, সবুজ-মেরুন জার্সিতেও সাফল্যের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর তিনি। এদিকে, প্রবল বৃষ্টির কারণে বুধবার অনুশীলন বাতিল করেন কোচ পানাজিওটিস। তাই হোটেলেই বিশ্রাম নেন মিগুয়েল। বৃহস্পতিবার প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে অনুশীলনে নামবেন তিনি। ডুরান্ড কাপের নক-আউটের আগে দলের সঙ্গে মানিয়ে নেওয়াই লক্ষ্য তাঁর।
এদিকে, চলতি মরশুমে দু’বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে সই করেছেন ক্রিস ইকোনোমিডিস। মঙ্গলবার মধ্যরাতে শহরে পা রেখে বুধবার দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন এই অজি মিডিও। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও, উইং ও স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন তিনি। তাই ক্রিসের অন্তর্ভুক্তি কোচ হাবাসের হাতে বিকল্প বাড়াবে। ডুরান্ড কাপের দু’টি ম্যাচে মাঠে নেমেছিলেন রশিদ ও রামিরেজ। সিআইএসএফের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন নাচো। যদিও ম্যাচে হালকা চোট পেয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। ফলে গত দু’দিন অনুশীলন করেননি তিনি। বুধবার অবশ্য দলের সঙ্গে প্রস্তুতি সারেন নাচো। ফলে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে চার বিদেশিকেই দেখে নেওয়ার সুযোগ থাকছে কোচ হাবাসের সামনে।