নিজস্ব প্রতিনিধি, বারাসত: মুম্বইয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আলফাজ মণ্ডল (৩১)। বাড়ি স্বরূপনগর থানা এলাকার বালতি-নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বালতি মাঝেরপাড়ায়। বুধবার বাড়িতে দেহ নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবার সদস্য ও প্রতিবেশীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ বছর আগে আলফাজ কাজের সন্ধানে মুম্বইয়ে যান। সেখানে একটি ঠিকাদার সংস্থার অধীনে নির্মাণের কাজ করতেন। থাকতেন মুম্বইয়ের ডাকিয়ার রোড এলাকায়। গত ৩ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যা ৮টা নাগাদ কাজ সেরে ট্রেনে করে ঘরে ফিরছিলেন তিনি। সেই সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হয় তাঁর। কিন্তু রাত থেকে পরিবারের কেউ আর যোগাযোগ করতে পারেননি। তাঁর ফোন বন্ধ ছিল। ফলে উদ্বেগ বাড়ে পরিবারের। মঙ্গলবার ভোরে মুম্বইয়ের মসজিদ বন্দর রেল স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, ওই মৃত ব্যক্তিই আলফাজ মণ্ডল। মঙ্গলবার সকালেই মুম্বই পুলিশ আলফাজের পরিবারকে মৃত্যুর খবর জানায়। এই মৃত্যু নিয়ে চরম রহস্য তৈরি হয়েছে। পরিবারের দাবি, আলফাজের কয়েকজন সহকর্মী দীর্ঘদিন ধরে তাঁকে বাঙালি ও বাংলাদেশি বলে কটাক্ষ করছিল। মৃতের ভাই জিন্না আলি বলেন, দাদাকে ওরা একঘরে করে রেখেছিল। বিষয়টি নিয়ে আলফাজ ফোনে উদ্বেগের কথা জানিয়েছিলেন। আমাদের অনুমান, পরিকল্পিতভাবে খুন করে দাদাকে রেললাইনের ধারে ফেলে রাখা হয়েছে। মৃতের আত্মীয় শফিকুল ইসলাম গাজি বলেন, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার বাড়ছে, এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। কারণ, ওর সঙ্গে যারা কাজ করত, তারা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের লোকজন। তাই বিভিন্ন সময় বাংলাদেশি তকমা পেতেও হয়েছে।
এ নিয়ে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য রাজু আহমেদ বলেন, ভিন রাজ্যে বারবার বাঙালি শ্রমিকদের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। এনিয়ে তৃণমূল নেতা শেখ ইলিয়াস বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর ধারাবাহিক অত্যাচার চলছে। আলফাজের ক্ষেত্রেও সেটা হয়েছে। ফাইল চিত্র