নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে বাড়ি ফিরলেন বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো তৃণমূলের চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। কলকাতায় পা দিয়ে বাবাই সর্দার জানালেন, মহারাষ্ট্রের পুলিস তাঁকে নানাভাবে অত্যাচার করেছে। অনেক কষ্টে ক্যাম্প থেকে ছাড়া পেয়েছি। মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুলিস যাঁরা আমাকে আনতে গিয়েছিলেন, সকলকে ধন্যবাদ। আর বাইরে যাব না। বাংলাতেই থাকব। ছেলে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সর্দার পরিবার। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে বাবা-মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল বাবাইয়ের। তারপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাংলাদেশি সন্দেহে তাঁকে নাগপুরের ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। বিভিন্ন নথিপত্র দেখে ছাড়া হয় ওই পরিযায়ী শ্রমিককে। তৃণমূলের প্রতিনিধিদল গিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে আসেন।



