লিডস: টস জিতে বেন স্টোকসের বোলিংয়ের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে। প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ ৪৭১ রান তুলেছে ভারত। তাতে বেজায় ক্ষুব্ধ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ক্যাপ্টেন স্টোকসকে একহাত নিয়ে তাঁর মন্তব্য, ‘লিডসে রোদ থাকলে ব্যাটিং নেওয়াটা আবশ্যক। কারণ, এখানের উইকেট বরাবরই শুকনো। কিন্তু স্টোকস কেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল, তা বোধগম্য হচ্ছে না। তাছাড়া ইংল্যান্ডের মূল শক্তি ব্যাটিং। বোলিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে, তা সবারই জানা। এই ভুল সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে।’



