নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগানের আবেদনে সাড়া দিল এএফসি। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের যুক্তি পর্যালোচনার পর তাদের প্রতি নমনীয় মনোভাব দেখাল এশিয়ান ফুটবল কনফেডারেশন। উল্লেখ্য, এসিএল-টু’তে ইরানের ট্রাক্টর এফসি’র বিরুদ্ধে ম্যাচ ছিল মোহন বাগানের। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে সেখানে দল পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের চেষ্টাও বিফলে যায়। এবিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল এএফসি। ই-মেল চালাচালির পরেও সমধানসূত্র বেরোয়নি। এমনকী, মোহন বাগান ইরান যাত্রা স্থগিত রাখলেও ম্যাচ বাতিল ঘোষণা করা হয়নি। বরং দল প্রত্যাহারের অভিযোগে এসিএল টু থেকে ছেঁটে ফেলা হয় কামিংসদের।
Advertisement
ক্ষুব্ধ সবুজ-মেরুন কর্তারা পাল্টা আবেদনের রাস্তায় হাঁটেন। অনেকেরই ধারণা ছিল, বিশাল জরিমানা হতে পারে মোহন বাগানের। তবে পরিস্থিতি বিবেচনা করার পর অবস্থান কিছুটা বদলেছে এএফসি। নিয়ম অনুযায়ী বিষয়টি ফোর্স মেজর হিসেবে দেখা হচ্ছে। মোদ্দা কথা, জরিমানা না হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলার কোনও সম্ভাবনা নেই। চলতি মরশুমে আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য পেতে মরিয়া ছিল টিম ম্যানেজমেন্ট। শক্তিশালী দলগঠনে কোনও রকম কার্পণ্য করা হয়নি। তাই আক্ষেপ থেকেই যাচ্ছে।



