মুম্বই, ৩০ নভেম্বর: মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ বলিউড অভিনেতা শারদ কাপুরের বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই ৩২ বছর বয়সী ওই মহিলা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার সঙ্গে পরিচয় হয় ‘জোশ’ খ্যাত অভিনেতা শারদের। তাঁদের নাকি ভিডিও কলে একাধিকবার কথাবার্তাও হয়েছে। এরপর সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিজের অফিসে ডাকেন। শেয়ার করেন লোকেশনও। সেখানে গিয়ে ওই মহিলা দেখেন সেটি আদতেই কোনও অফিস নয় বরং ওই অভিনেতারই বাড়ি। এরপর কলিং বেল বাজানোর পর এক ব্যক্তি এসে দরজা খুলে দেন। তাঁকে নিয়ে যান ওই অভিনেতার বেডরুমে। অভিযোগ, সেখানেই তাঁর সঙ্গে অভব্য আচরণ এবং জোর করে অশ্লীলভাবে গায়ে হাত দেন অভিযুক্ত শারদ। সেখান থেকে কোনওরকমে তড়িঘড়ি বেরিয়ে যান ওই মহিলা। এরপর ওইদিনই বিকেলে হোয়াটস অ্যাপে তাঁকে আপত্তিকর কয়েকটি মেসেজ করেন অভিনেতা। পুরো ঘটনাটি ওই মহিলা তাঁর এক বন্ধুকে জানান। তিনিই তাঁকে পুলিসে পুরো বিষয়টি জানানোর পরামর্শ দেন। এরপর মুম্বইয়ের খার থানায় ওই মহিলা অভিযুক্ত শারদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৭৪, ৭৫ ও ৭৯ নম্বর ধারায় অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেতার তরফ থেকে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, ‘জোশ’ ‘এলওসি কার্গিল’, ‘লক্ষ্য’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শারদ। বলিউডে অভিনেতা হিসেবে, মূল খল চরিত্রে অভিনয়ের জন্য ভালই নাম-ডাক রয়েছে তাঁর।



