নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মহাকুম্ভে গিয়ে হারিয়ে গিয়েছিলেন গারুলিয়ার বৃদ্ধা সন্ধ্যা পাল। তিনি ৭ দিন আগে স্বামীর সঙ্গে ট্রেনে করে গিয়েছিলেন। কিন্তু ভিড়ের চাপে প্রয়াগরাজ স্টেশনে নামতে পারেননি। অথচ তাঁর স্বামী নেমে যান। সন্ধ্যাদেবী নামেন কানপুর স্টেশনে। সেখানে তিনি পুলিসের কাছে সহযোগিতা চাইলেও কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ। শেষে এক বাঙালি পরিবারের সঙ্গে দেখা হয়। তাঁদের সমস্যার কথা বলেন। তাঁদের সঙ্গেই কুম্ভতে যান। সন্ধ্যাদেবী তাঁদের জানান, তাঁর বাড়ি গারুলিয়া এলাকায়। প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের বাড়ির কাছে। সেই পরিবার গারুলিয়ায় যোগাযোগ করেন। মঙ্গলবার বাড়ি ফিরে সন্ধ্যাদেবী বলেন, উত্তরপ্রদেশের কোনও পুলিসই সহযোগিতা করেনি। একটি ভালো পরিবারের সঙ্গে দেখা হওয়ার জন্যই আজ আমি বাড়ি ফিরতে পারলাম। ওই পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে সাতদিন ধরে দেখেছে। আমার ছেলেরা খবর পেয়ে গাড়ি করে এসে নিয়ে যায়। ছেলে সুরজিৎ পাল বলেন, আমরা তো ভেবেছিলাম, মাকে আর পাবই না। ঈশ্বরের চরম কৃপায় একটি পরিবারের সহযোগিতায় মাকে ফিরে পেলাম।



