নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আম জনতাকে বিভ্রান্ত করার অভিযোগ উঠল মেট্রো রেলের বিরুদ্ধে! ভারতীয় রেল সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছিল, আগামী রবিবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু শুক্রবার নিজেদের সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল মেট্রো রেল কর্তৃপক্ষ। কাল, রামনবমীর ছুটির দিনে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা সচল থাকবে বলেই জানিয়েছে রেল। যাত্রীদের অভিযোগ, গত রবিবার অর্থাৎ ৩০ মার্চ এই রুটে মেট্রো বন্ধ ছিল। একইভাবে আগামীকালও মেট্রো বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে রবিবার পরিষেবা স্বাভাবিকই থাকে। তবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ রুটে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে গত কয়েকমাস ধরে কাজকর্ম চলছে। তাই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং ব্যবস্থা কার্যকর করতে পরিষেবা বন্ধ রেখে কাজ চলছে। এক্ষেত্রে চালু সিগনালিং ব্যবস্থার সফ্টওয়্যার তুলে নেওয়া হচ্ছে। অত্যাধুনিক সিবিটিসি ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ রুটে মেট্রোর ট্রায়াল রান চলছে। হাওড়া জেলায় রামনবমী উপলক্ষে একাধিক মিছিল বের হয়। সেসব কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। গঙ্গার নীচ দিয়ে মেট্রো বন্ধ থাকলে সেই কর্মসূচিতে প্রভাব পড়তে পারত। পরিবর্তিত সিদ্ধান্তে তা আর হবে না বলে মনে করছেন অনেকে।