প্যারিস: আন্তর্জাতিক ফুটবলকে সদ্য বিদায় জানিয়েছেন। তবুও সেরাদের তালিকা থেকে নাম সরছে না লায়োনেল মেসির। ব্যালন ডি’ওর পুরস্কারের দৌড়ে প্রবলভাবে রয়েছেন আর্জেন্তাইন মহাতারকা। মঙ্গলবার সেরা ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল স্পোর্টস ম্যাগাজিন। তাতে মেসি ছাড়াও রয়েছেন কিলিয়ান এমবাপে, রড্রি, হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল, ওসুমানে ডেম্বেলে, সাদিও মানে, পাও কুবার্সি প্রমুখ। কিন্তু নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
লায়োনেল মেসির ঝুলিতে ৮টি ব্যালন ডি’ওর! এবার কি সংখ্যাটা ৯ হবে? অনুরাগীরা আশায় বুক বাঁধছেন। কারণ, ২০২৬ বিশ্বকাপে কার্যত একা দায়িত্ব নিয়ে আর্জেন্তিনাকে খেতাবি লড়াইয়ে তুলেছিলেন তিনি। ৮টি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেন লিও। সেই সুবাদে গোল্ডেন বুটের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। যদিও ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় স্কালোনি-ব্রিগেডের। দেশের পাশাপাশি ক্লাবে জার্সিতেও ঝলমলে পারফরম্যান্স মেলে ধরেছেন তিনি। তাই বর্ষসেরার দৌড়ে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী লায়োনেল মেসি। বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপেও পুরস্কার জেতার ব্যাপারে আশাবাদী। তিনি ১০টি গোলের পাশাপাশি মেগা আসরে ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পারফরম্যান্স তেমন নজরকাড়া ছিল না। এছাড়া দৌড়ে আছেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য লামিনে ইয়ামাল ও রড্রি। ইয়ামাল ক্লাবের হয়েও উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছেন। আর রড্রি বিশ্বকাপের সেরা ফুটবলার।
এদিকে, সেরার তালিকায় নাম না থাকায় মন খারাপ রোনাল্ডো ভক্তদের। তবে বিশ্বকাপের সিআরসেভেন সেভাবে নজর কাড়তে পারেননি। মেগা আসরে তিনটি গোল করেছিলেন। তবে তাঁর দল পর্তুগাল শেষ ষোলোর লড়াই থেকেই ছিটকে যায়।