আর্জেন্তিনা- ৩ : আইসল্যান্ড- ০
আর্জেন্তিনা- ৩ : আইসল্যান্ড- ০
আলাবামা: ম্যাচের বয়স ৬৯ মিনিট। গ্যালারি জুড়ে ‘মেসি, মেসি’ চিৎকার। বিপক্ষ ফুটবলাররাও ডাগ-আউটের দিকে তাকিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে ফিরলেন এলএমটেন। সঙ্গেসঙ্গে তাঁকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরালেন ওটামেন্ডি। আর মাঠে নামার ৩ মিনিটের মধ্যেই জাল কাঁপান লিও। শুধু তাই নয়, দলের শেষ গোলটির ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। সব মিলিয়ে কাপযুদ্ধের লড়াইয়ে নামার আগে বাঁ পায়ের জাদুকরের অন্তর্ভুক্তি আরও ভয়ঙ্কর করে তুলল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মেসি ছাড়া আইসল্যান্ডের বিরুদ্ধে জাল কাঁপান ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা। সহজ জয়ের পাশাপাশি পরপর দু’ম্যাচে রক্ষণের ক্লিনশিট রেখে মাঠ ছাড়াটা স্বস্তিতে রাখছে কোচ লায়োনেল স্কালোনিকে। উল্লেখ্য, আগামী মঙ্গলবার (ভারতীয় সময় বুধবার সকালে) আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে ডিয়েগো মারাদোনার দেশ।
গত ২৫ মে ইন্তার মায়ামির বিরুদ্ধে ম্যাচ খেলেন মেসি। সেদিনই পায়ের পেশিতে টান ধরে তাঁর। কোনোরকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়েছিলেন। তখন মেসির বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে সকলকে অবাক করে শুরু থেকেই জাতীয় শিবিরের প্রস্তুতিতে যোগ দেন তিনি। প্রথম দু’দিন আলাদা অনুশীলন। তারপর শুরু হয় বল পায়ে গা ঘামানো। হন্ডুরাসের বিরুদ্ধে অবশ্য কোনোরকম ঝুঁকি নেননি কোচ স্কালোনি। সেদিন বেঞ্চে বসেই দলের জয় দেখেছিলেন লিও। এদিন অবশ্য মাঠে নামলেন। আর সেই সঙ্গে গড়লেন আরও এক রেকর্ড। দেশের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার নজির গড়লেন মেসি (৩৮ বছর ১১ মাস ১৬ দিন)। টপকে গেলেন ৭০ বছর আগে অ্যাঞ্জেল লাব্রুনার (৩৮ বছর ১১ মাস ৮ দিন) রেকর্ডকে।
মেসির প্রত্যাবর্তনের দিনে অবশ্য আর্জেন্তিনার হয়ে নজর কাড়লেন ভ্যালেন্টিন বার্কো। ম্যাচের ৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের আউটস্টেপে জাল কাঁপান এই তরুণ মিডিও। শুধু তাই নয়, উইং থেকে বেশ কয়েকবার গতি বাড়িয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চ্যালেঞ্জের মুখে ফেলেন তিনি। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে লেফট উইং-হাফ পজিশনে কোচ স্কালোনির হাতে বিকল্প বাড়ল।