ফ্লোরিডা: মেজর লিগ সকারে ড্রয়ের গেরো থেকে বেরতে ব্যর্থ ইন্তার মায়ামি। লিগের শেষ চারটি ম্যাচেই এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল তাদের। সোমবার ঘরের মাঠে সান ডিয়েগোর বিরুদ্ধে ফের একবার লিড নিয়েও জিততে ব্যর্থ তারা। বিফলে যায় ফ্রি-কিক থেকে করা লায়োনেল মেসির দুরন্ত গোল। ঘরের মাঠে এদিন শুরুতেই পিছিয়ে পড়েছিল ইন্তার মায়ামি। তবে ২৪ মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে ফ্রি-কিকে বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান এলএমটেন। এরপর ম্যাচের ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে লিড নেয় ইন্তার। তবে রক্ষণের ব্যর্থতায় ফের গোল হজম করে তারা। এই ড্রয়ের ফলে লিগ তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন মেসিরা। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট।



