নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রগতি ময়দান থানার ওসির গাড়ি চুরি করে উধাও দুষ্কৃতী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। থানার সামনে দাঁড়িয়ে থাকা ওসির চারচাকার গাড়ি কোথায় গেল, তা নিয়ে খোঁজ শুরু হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কমলা রঙের টি শার্ট ও হাফ প্যান্ট পরা একজন অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে থানার সামনে। সে বারেবারে ওই গাড়ির কাছে যাচ্ছে, আবার এদিক-ওদিক তাকিয়ে সরেও যাচ্ছে। এরপর হঠাৎ গাড়ির চালকের আসনে উঠে বসে স্টার্ট দিয়ে পালিয়ে যায়। এরপর ওসি বাইরে এসে দেখেন, তাঁর গাড়ি নেই। সঙ্গে সঙ্গে বিষয়টি ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গাড়িটি রুবি মোড় থেকে ডানদিক ঘুরে কসবার দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই এলাকায় ডিউটিতে থাকা সার্জেন্টকে বিষয়টি জানানো হয়। পুলিসও গাড়ি নিয়ে ওই দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে। কসবা থানার কাছে গাড়িটিকে আটক করে পুলিস। অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। জানা যায়, তার নাম ইমরান হোসেন। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। সে হাওড়ার ধূলাগড়ে একটি সংস্থায় কাজ করত। তারই পরিচিত একজন তাকে ওই চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। সেই সূত্রে থাকত ধূলাগড়েই। কিন্তু গত তিনদিন ধরে সে বেপাত্তা থাকায় তার ওই বন্ধু সাঁকরাইল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বলে দাবি। অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেপ্তারের পর পুলিস জানিয়েছে, হাওড়ার সাঁকরাইল থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। সে গাড়ি চুরি চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



