নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রাখার দাবিতে ডাকা তিনদিনের দেশজোড়া ব্যাংক ধর্মঘট হচ্ছে। মঙ্গলবার দিল্লিতে শ্রমমন্ত্রকের অধীন ডেপুটি চিফ লেবার কমিশনারের ডাকা সমঝোতা বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না মেলায় ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকল ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (ইউএফবিইউ)। এদিনের বৈঠকে ওই সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (আইবিএ), অর্থমন্ত্রকের ফিনান্সিয়াল সার্ভিসেস ডিপার্টমেন্ট (ডিএফএস) এবং বিভিন্ন ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধর্মঘটীদের তরফে জানানো হয়, ২০২৪ সালের মার্চ মাসে শেষ বেতন চুক্তিতে যে পাঁচদিনের ব্যাংক পরিষেবা চালুর বিষয়টি চূড়ান্ত হয়েছিল, তা আজও কার্যকর হয়নি। তাই ধর্মঘটের পথেই যেতে হচ্ছে। পাশাপাশি ইনসেন্টিভ স্কিমেও সামঞ্জস্য রাখা হয়নি। জবাবে আইবিএ জানায়, কর্মী ও অফিসারদের সংগঠনের দাবি মেনে স্কেল-৪ এবং তার ওপরের অফিসারদের জন্য পিএলআই বা ইনসেন্টিভ স্কিম সরকারের নির্দেশে স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি দ্বিপাক্ষিক স্তরে আলোচনা করা হবে। পাশাপাশি পাঁচদিনের ব্যাংকিংয়ের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়ে দেয় ডিএফএস। তারা জনস্বার্থের কথা ভেবে ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানায়। তবে ধর্মঘটীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি পাঁচদিনের ব্যাংকিং চালু নিয়ে কোনো সুনির্দিষ্ট ও ইতিবাচক অগ্রগতি না-হয়, তবে ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর তিনদিনের ধর্মঘট হবেই।



