Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

নোয়াপাড়ায় মেট্রো পয়েন্টে যান্ত্রিক ত্রুটি, ঘণ্টাখানেক ব্যাহত পরিষেবা

চারদিন সরকারি ছুটির পর মঙ্গলবার ছিল সপ্তাহের প্রথম কাজের দিন। সেদিনই হাজার হাজার যাত্রীর যন্ত্রণা বাড়াল কলকাতা মেট্রো। এদিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাহত হল যাত্রী পরিষেবা।

নোয়াপাড়ায় মেট্রো পয়েন্টে যান্ত্রিক ত্রুটি, ঘণ্টাখানেক ব্যাহত পরিষেবা
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চারদিন সরকারি ছুটির পর মঙ্গলবার ছিল সপ্তাহের প্রথম কাজের দিন। সেদিনই হাজার হাজার যাত্রীর যন্ত্রণা বাড়াল কলকাতা মেট্রো। এদিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাহত হল যাত্রী পরিষেবা। এদিন সকাল ১১টা ২০ নাগাদ নোয়াপাড়া স্টেশনের পয়েন্টে ত্রুটি ধরা প঩ড়ে। তার জেরে ভোগান্তির মধ্যে পড়তে হয় দমদম, নোয়াপাড়া, বরানগর, দক্ষিণেশ্বর স্টেশনের যাত্রীদের।

Advertisement

মেট্রো রেকের লাইনে পয়েন্ট কী? দমদম থেকে নোয়াপাড়ার মধ্যবর্তী অংশে মেট্রোর লাইনটি দু’ভাগ ভাগ হয়ে যায়। একটি যায় নোয়াপাড়া কারশেডের দিকে। অন্যটি চলে যায় দক্ষিণেশ্বরের দিকে। এই দুই লাইন যেখানে যুক্ত হয়েছে, সেই অংশকেই পয়েন্ট বলা হয়। এই অংশে যান্ত্রিক ত্রুটি থাকায় মেট্রো রেক লাইন বদল করতে পারেনি। এদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী আপ মেট্রো যখন নোয়াপাড়া স্টেশনে ঢুকছিল, তখন এই অংশে ত্রুটি ধরা পড়ে। যার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর প্রায় সওয়া ১২টা পর্যন্ত দমদম-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন দুই লাইনেই মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। 
যদিও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। দমদম, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বরানগর স্টেশনে যাত্রীদের ভিড়ে পা রাখা যাচ্ছিল না। মেট্রোর তরফে পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে স্পষ্ট ঘোষণা না হওয়ায় বিভ্রান্তি আরও বাড়ে। তারপর স্মার্ট কার্ড আনলক করা ও টিকিটের টাকা ফেরত দেওয়া নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে সড়কপথে বেছে নেন যাত্রীরা। এই সুযোগে ঝোপ বুঝে কোপ মারে অটো, ট্যাক্সি, রিকশ চালকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ