পাণ্ডবেশ্বরের খনিতে যান্ত্রিক বিভ্রাট, আটকে ৪৪ শ্রমিক
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি কোলিয়ারিতে খনি বিপর্যয়। ভূগর্ভস্থ কয়লা খনির ডুলিতে আটকে পড়লেন ১৪ খনি শ্রমিক! ডুলি না চলায় খনিগর্ভে আটকে পড়েছেন আরও ৩০ জন শ্রমিক। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকায়। সোমবার সন্ধ্যায় খনিমুখ চানকে থেকে একটি ডুলি চারজন শ্রমিককে নিয়ে কয়লা খনিতে নামছিল। বিপরীত দিক থেকে ১০ জন শ্রমিক নিয়ে খনিমুখের দিকে আসছিল আর একটি ডুলি। তখনই যান্ত্রিক বিভ্রাটে সুড়ঙ্গের প্রায় ২০০ ফুট গভীরে ডুলি দু’টি থমকে যায়। দ্বিতীয় কোনো পথ না থাকায়  খনিগর্ভে কর্মরত বাকি শ্রমিকরাও  উপরে উঠতে পারেননি। উদ্ধারের কাজ শুরু হলেও গভীর রাত পর্যন্ত  ডুলি দু’টি সচল করা যায়নি। ডুলিতে আটকে থাকা শ্রমিকদের কাছে ওয়াকিটকি পাঠানো গিয়েছে। তাতে যোগাযোগ করছেন সহকর্মী ও অন্যরা। শুকনো খাবার ও পানীয় জলও পাঠানো হয়েছে। ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের নজরদারির অভাবকেই দায়ী করছেন সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘পর্যবেক্ষণের অভাবেই এই ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল।’ ঘটনাস্থলে পৌঁছেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও। তিনি জানান, শ্রমিকদের উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সেটাই মূল কাজ।

Advertisement