নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেডিক্যাল চত্বর দখলমুক্ত করে দোকানদারদের জন্য স্টল বানিয়ে দেবে জলপাইগুড়ি জেলা পরিষদ। বৃহস্পতিবার বৈঠকের পর জেলা প্রশাসনের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক শমা পারভীনের নেতৃত্বে এদিনের বৈঠকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন। ডাকা হয়েছিল রেড ক্রস সোসাইটিকেও। জেলা প্রশাসন সূত্রে খবর, মেডিক্যাল কলেজ চত্বরে রেডক্রসের জমি রয়েছে। সেখানেই অস্থায়ীভাবে দোকানদারদের জন্য স্টল বানিয়ে দেবে জেলা পরিষদ। আগামী ১০ ফেব্রুয়ারি সরেজমিনে জায়গাটি পরিদর্শন করা হবে। তারপরই শুরু হয়ে যাবে কাজ। বৈঠক শেষে সভাধিপতি বলেন, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ চত্বরে জায়গা দখল করে যেসব দোকানপাট ছিল, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। রেডক্রসের জমিতে আমরা ওই ব্যবসায়ীদের জন্য ৫৯টি স্টল করে দেব। প্রতিটি স্টলে চাকা লাগানো থাকবে। প্রয়োজনে সেটি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে। এদিনের বৈঠকে এটাই সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা সরেজমিনে জায়গা দেখতে যাব। তারপর কাজ শুরু হবে।
Advertisement
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সূত্রে অবশ্য খবর, কয়েকদিন আগে রোগীকল্যাণ সমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখনই এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।



