Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক কারবারের তথ্য পেতে ধৃতকে হেফাজতে নিল পুলিস

মাদক কারবারের তথ্য পেতে ধৃতকে হেফাজতে নিল পুলিস
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কামাখ্যাগুড়িতে মাদক পাচারের সময় হাতেনাতে পাকড়াও যুবক ঝন্টু দাসকে বুধবার আলিপুরদুয়ার জেলা আদালতে তোলে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। তদন্তের স্বার্থে বিচারক ধৃতকে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ গ্রাম মাদক সহ ঝন্টু দাসকে গ্রেপ্তার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। শামুকতলার বাসিন্দা ঝন্টু তুফানগঞ্জ থেকে একটি স্কুটারে চেপে কামাখ্যাগুড়ি আসে। ওই স্কুটারের সামনে লেখা ছিল ‹নো ড্রাগস›। অথচ সে নিজেই মাদক পাচারে যুক্ত বলে অভিযোগ। এদিকে, পুলিস মাদকের বিরুদ্ধে অভিযানে নামায় খুশি এলাকার বাসিন্দারা। তাঁরা চাইছেন, পুলিসের এই অভিযান জারি থাকুক। 
এলাকার এক স্কুলশিক্ষক বলেন, কামাখ্যাগুড়িতে দীর্ঘদিন ধরে মাদকের  কারবার চলছে। স্কুল-কলেজ পড়ুয়াদের একাংশ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। ২০২৩ সালে এলাকার এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছিল। পুলিসি অভিযান জারি থাকলে মাদকের কারবার বন্ধ হবে।
খোঁজ নিয়ে জানা গেল, কমবয়সী ছেলেদের টার্গেট করে মাদক কারবারিরা। প্রথমে বিনামূল্যে উঠতি যুবকদের হাতে মাদক গুঁজে দেওয়া হয়। এভাবে যুবকরা মাদকের প্রতি আসক্ত হয়ে গেলে তখন টাকার বিনিময়ে তাদের কাছে মাদক বিক্রি করা হয়। কামাখ্যাগুড়ি ও আশেপাশে বহু যুবক মাদকে আসক্ত হয়ে পড়ছে বলে খবর। নেশার টাকা জোগাড় করতে বাড়িতে ভাঙচুর, বাড়ির লোকজনের উপর অত্যাচার থেকে শুরু করে নানা অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে একাংশ। এই পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে পুলিসি অভিযানের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস জানিয়েছে, ধৃত যুবককে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। তাঁকে জেরা করে সব তথ্য জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ