নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ড্রাগ মাফিয়া শেখ শাহজাদাকে গ্রেপ্তার করল বারাকপুর পুলিস কমিশনারেট। তার বাড়ি টিটাগড়ে। তবে সে মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকত। বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে তার ড্রাগের র্যাকেট চলে। নিউ বারাকপুরের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেই শাহজাদার খোঁজ পায় পুলিস। তার খোঁজে তল্লাশি শুরু হয়। গাড়ি করে পালানোর সময় তাকে বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা গ্রেপ্তার করেন। এদিন তাকে এনডিপিএস কোর্টে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, ধৃত শাহজাদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার শাগরেদদের খোঁজ চলছে। প্রসঙ্গত, শাহজাদার বিরুদ্ধে শুধু মাদক কারবার নয়, প্রোমোটারদের কাছ থেকে তোলাবাজিরও অভিযোগ রয়েছে। টিটাগড় বারাকপুর এলাকায় বহু ব্যবসায়ী ভয়ে তাকে নিয়মিত তোলা পাঠাতেন। তাকে গ্রেপ্তারের পরে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে।



