ভোপাল, ৬ ফেব্রুয়ারি: প্রশিক্ষণ চলাকালীন মধ্যপ্রদেশে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। দুর্ঘটনাটি ঘটেছে শিবপুরী এলাকার সানি গ্রামের কাছে। আজ, বৃহস্পতিবার ওই এলাকায় নিয়মমাফিক রুটিন ট্রেনিং করছিল দুই আসন বিশিষ্ট মিরাজ ২০০০ যুদ্ধ বিমানটি। তাতে ছিলেন দু’জন পাইলট। এরপর মাঝআকাশে আচমকাই সেটিতে গোলমাল দেখা দেয়। শেষে আচমকাই ভেঙে পড়ে সেটি। তবে দুর্ঘটনার আগেই পাইলটরা যুদ্ধবিমান থেকে বেরিয়ে যান। প্যারাস্যুটের মাধ্যমে ধীরে ধীরে মাটিতে নেমে আসেন। বর্তমানে তাঁরা সুরক্ষিত বলেই জানা গিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঠিক কী ভাবে ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিমান ভেঙে পড়ার ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে মাঠে ওই যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তা দেখতে জড়ো হয়েছে বহু মানুষ।



