Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা ভাড়ার ৩০০ টোটো

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা ভাড়ার ৩০০ টোটো
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জলপাইগুড়িতে বিনা ভাড়ার তিনশো টোটো! এই পরিষেবার ব্যবস্থা করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। পরীক্ষা শুরুর দিন থেকে শহরের নানা প্রান্তের ছাত্রছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে তাদের আবার বাড়ি ফিরিয়ে দেওয়ার কাজ করছে ওই টোটোগুলি। আইএনটিটিইউসি’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা। 
Advertisement
সংগঠনের জলপাইগুড়ি টাউন ব্লক সভাপতি পুণ্যব্রত মিত্র বলেন, জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা মিলিয়ে মোট মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে ১৯টি। এরমধ্যে আমরা ১৭টি পরীক্ষাকেন্দ্রেই বিনা ভাড়ার টোটো পরিষেবা রেখেছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের মোট তিনশো টোটো ‘ফ্রি সার্ভিস’ পরিষেবা দিচ্ছে। পরীক্ষার দিনগুলিতে ওইসব টোটোতে দু’হাজারের বেশি ছাত্রছাত্রীকে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া এবং পরীক্ষা শেষে তাদের আবার বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে।
এদিকে, জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের জন্য বনদপ্তরের উদ্যোগও এবার নজর কাড়ছে। গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, হাতি উপদ্রুত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা ২০টি গাড়ির ব্যবস্থা করেছি। অনেকেরই বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্র ভালোই দূর। ফলে সকালেই ওইসব পড়ুয়ার বাড়িতে পৌঁছে যাচ্ছে বনদপ্তরের গাড়ি। এসকর্ট করে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। আবার পরীক্ষা শেষে একইভাবে আমাদের গাড়িতে নিরাপদে বাড়ি ফেরানো হচ্ছে তাদের। গোরুমারা, জলপাইগুড়ি ও বৈকুণ্ঠপুর ডিভিশন মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রায় ৫০টি গাড়ির ব্যবস্থা করেছে বনদপ্তর।
Advertisement
সম্পর্কিত সংবাদ