Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষার জন্য এবার জোড়া কন্ট্রোলরুম চালু মালদহে 

মাধ্যমিক পরীক্ষার জন্য এবার জোড়া কন্ট্রোলরুম চালু মালদহে 
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও রায়গঞ্জ: সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষার সম্পন্ন করতে জোড়া কন্ট্রোলরুম চালু হল মালদহে। একটি কন্ট্রোলরুম চালু করা হয় জেলাশাসক ও দুই মহকুমা শাসকের অফিসে। দ্বিতীয় কন্ট্রোলরুমটি  বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর অফিসে চালু হয়েছে বলে জানালেন মালদহের মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক বিপ্লব গুপ্ত। তিনি বলেন, এদিন মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বৈঠক হয়। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে অভিভাবক থেকে শুরু করে সকলের সহযোগিতা চাইছি। 
Advertisement
১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। তার আগে সমস্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে বুধবার জরুরি ভিত্তিতে এক বৈঠক ডাকেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। বৈঠকে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলি নিয়ে আলোচনা হয়। ইতিমধ্যে মালদহের সেন্টার কমিটির বৈঠক হয়েছে। বোর্ডের তরফে উত্তর মালদহের জন্য সিদ্ধেশ্বরী ও দক্ষিণ মালদহের জন্য বার্লোস্কুলে ফাঁকা উত্তরপত্র পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই ফাঁকা উত্তরপত্র সমস্ত ভেনুতে পৌঁছে গিয়েছে। 
মালদহে ১৯টি প্রধান কেন্দ্র সহ ১২২টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হবে। সকাল ১০টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হলেও ভেনু ইনচার্জদের সকাল ৮ টার মধ্যে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের ১৫ মিনিট সময় দেওয়া হবে। বেলা ১১টা থেকে উত্তর লেখা শুরু হবে। কিন্তু ১২টা ১৫ পর্যন্ত কোনও পরীক্ষার্থী হলের বাইরে বেরতে পারবে না। ইংলিশবাজারে ট্রেজারি সহ ১৩টি থানা থেকে প্রশ্নপত্র মূল ভেনু হয়ে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে। ঘড়ি ধরে কে কোন দায়িত্ব পালন করবেন সেবিষয়ে এদিন আলোচনা হয়। মাধ্যমিক পরীক্ষার আগে ৭ ফেব্রুয়ারি সানাউল্লাহ মঞ্চে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আরেকটি বৈঠক হতে পারে বলে এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 
জেলাশাসকের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন ওসি (এগজামিনেশন), ডিআই (মাধ্যমিক), মাধ্যমিকের আহ্বায়ক সহ মালদহের সমস্ত বিডিও, আইসি থেকে শুরু করে পরিবহণ, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, সেন্টার ইনচার্জরা। 
এ বছর উত্তর দিনাজপুর জেলার ৩৪ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। মাধ্যমিক পরীক্ষার জেলার কনভেনার বিকাশচন্দ্র দাস বলেন, জেলায় ছাত্রদের তুলনায় বেড়েছে ছাত্রীসংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী সংখ্যা বেড়েছে ৯ হাজার ৯৩৮ জন। জেলায় সর্বমোট ২২ হাজার ২৭৩ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন। ছাত্র সংখ্যা ১২ হাজার ৩৩৫। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১০১টি। তিনি বলেন, পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে মেটাতে জেলা মনিটরিং টিম, কিউআরটি টিম থাকছে। 
জরুরিকালীন পরিস্থিতির জন্যও অ্যাম্বুলেন্স ও হাসপাতালে অতিরিক্ত ব্যবস্থা থাকছে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অতিরিক্ত যানের ব্যবস্থা করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ