Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাবার মৃত্যু সংবাদ শুনল রেনুইয়া

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাবার মৃত্যু সংবাদ শুনল রেনুইয়া
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: দিনকয়েক আগে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল বাগনানের মাধ্যমিক পরীক্ষার্থী রেনুইয়া খাতুনের বাড়ি। বইখাতার পাশাপাশি পুড়ে গিয়েছিল অ্যাডমিড কার্ডও। সেই আগুনে দগ্ধ হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার বাবা রিয়াজুল আলমকে। এই বিপর্যয়কে মেনে নিয়েই সোমবার পরীক্ষা দিতে গিয়েছিল হাল্লান হাইস্কুলের ছাত্রী রেনুইয়া। তার সিট পড়েছিল রুপাসগোড়ী হাইস্কুলে। এদিন মেয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কিছুক্ষণ বাদেই মৃত্যু হয় রিয়াজুল আলমের। তবে পরীক্ষা শেষের আগে তাকে এই দুঃসংবাদ জানানো হয়নি। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টার মধ্যে রেনুইয়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। আর সাড়ে দশটায় মারা যান রিয়াজুল আলম। সেই খবর যখন এসে পৌঁছয়, তখন পরীক্ষা শুরু হতে চলেছে। রেনুইয়া পরীক্ষা দিয়ে বেরনোর পর তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় স্থানীয় পঞ্চায়েতের প্রধান মাসুদ রহমানের বাড়িতে। সেখানেই দুঃসংবাদ জানানো হয় তাকে। বাবার মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে মেয়ে। প্রসঙ্গত, দিনকয়েক আগে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গিয়েছিল রেনুইয়াদের দোতলা বাড়ি। অগ্নিদগ্ধ হয়েছিলেন চারজন। পরে প্রশাসনের পক্ষ থেকে রেনুইয়াকে বই এবং অ্যাডমিড কার্ডের ব্যবস্থা করা হয়। মাসুদ সাহেব বলেন, পরের পরীক্ষাগুলি যাতে সে ঠান্ডা মাথায় দিতে পারে, সেকথাই আমরা বুঝিয়েছি।
অন্যদিকে, এদিন সাতসকালে শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের রিঙারা গ্রামে উদ্ধার হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। নাম অর্ণব বৈরাগী (১৬)। তার ঘর থেকেই পুলিস দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিসের ধারণা, আত্মঘাতীই হয়েছে এই পরীক্ষার্থী। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এদিন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিয়াশা পোল্লে নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে তৎক্ষণাৎ উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বসেই সে বাকি পরীক্ষা দেয়। মনশুকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিয়াশার সিট পড়েছিল নির্ঝরিনী সরকার বালিকা বিদ্যালয়ে। এদিন সকালে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে উলুবেড়িয়ার কৈজুড়ি হাইস্কুলের সামনে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রী পুলক রায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ