নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিমায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হল বিমাকর্মীদের একাধিক সংগঠন। বৃহস্পতিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই ইস্যুতে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিমাকর্মীরাও।এদিনের সমাবেশে উপস্থিত হয়ে সিপিআইয়ের রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিনয় বিশ্বম বলেন, ‘কেন্দ্রের মোদি সরকার আদতে সাধারণ মধ্যবিত্ত মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। বিমায় বিদেশি বিনিয়োগ হলে হাজার হাজার কর্মী এবং তাঁর পরিবারকে পথে বসতে হবে। এর প্রতিবাদে আন্দোলন আরও জোরদার হবে।’ বিমাকর্মী সংগঠনগুলির অভিযোগ, এর ফলে বিমা সংস্থাগুলিকেও বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্রের মোদি সরকার।



