বলিউডে চার দশক কাটিয়ে ফেলেছেন মাধুরী দীক্ষিত। এখনও কোনও নতুন ছবির চিত্রনাট্য শুনে অভিনয় করতে রাজি হওয়ার আগে শুধুমাত্র মনের কথা শোনেন নায়িকা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া ৩’-এ মাধুরীর পারফরম্যান্স ভালো লেগেছে বড় অংশের দর্শকের। এই ছবির চিত্রনাট্য শুনেও প্রাথমিক ভাবে মনের কথাতেই সায় দিয়েছিলেন অভিনেত্রী। এ প্রসঙ্গে সদ্য এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ছবির চিত্রনাট্য শুনে মনে হয়েছিল আমি কাজটা করব। নিজের মনের কথার উপর খুব জোর দিই আমি। পর্দায় তো দর্শক আমাকে দেখবেন না। চরিত্রকে দেখবেন। এই ছবিটায় সেই সুযোগ পেয়েছি। নতুন কিছু করার না থাকলে এখন আর অভিনয় করতে ভালো লাগে না। সেজন্য অনেক কম কাজ করছি। আর তো নতুন কিছু প্রমাণ করার নেই। যা করছি, সেটা এনজয় করাটাই আসল।’



