Bartaman Logo
২৭ মে, ২০২৬

মিড ডে মিলে থার্ড পার্টি মূল্যায়ন, গুণমান যাচাইয়ে উদ্যোগ

মিড ডে মিলে থার্ড পার্টি মূল্যায়ন, গুণমান যাচাইয়ে উদ্যোগ
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বিশেষ করে স্কুলছুটের প্রবণতা আটকাতে কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পই হল মিড ডে মিল। কেন্দ্রের মোদি জমানায় সার্বিকভাবে এর নামকরণ হয়েছে পিএম-পোষণ প্রকল্প। বিভিন্ন সময় এই মিড ডে মিল খাবারের গুণগত মান নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। কখনও অত্যন্ত নিম্নমানের চাল ব্যবহার করার অভিযোগ উঠেছে। কখনও আবার মিড ডে মিলের খাবারে পাওয়া গিয়েছে পোকামাকড়। সবমিলিয়ে পিএম পোষণ প্রকল্প নিয়ে মুখ রক্ষার উপায় খুঁজতে মরিয়া হয়েছে কেন্দ্রের মোদি সরকার। সেইমতোই এবার মিড ডে মিল নিয়ে নিয়মিতভাবে থার্ড পার্টি মূল্যায়ন চাইছে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্র-রাজ্যের বাইরে কোনও নিরপেক্ষ সংস্থা সব কিছু খতিয়ে দেখবে।
Advertisement
শুধু তাই নয়। শিশুদের খাবার পরিবেশন করার আগে সেই খাবার শিক্ষকদের চেখে দেখার উপর জোর দিয়েছে কেন্দ্র। পাশাপাশি যেসব রাজ্য মিড ডে মিলে দুধ, ডিমের মতো পুষ্টিকর খাবার দিচ্ছে, তারা প্রয়োজনে যাতে প্রাতঃরাশে সেগুলি দিতে পারে, তাও নিশ্চিত করতে চাইছে সরকার। মিড ডে মিল নিয়ে এমন একগুচ্ছ সুপারিশ করা হয়েছে শিক্ষামন্ত্রকের রিপোর্টে। সরকারি সূত্রের খবর, ২০২৩-২৪ আর্থিক বছরে শিক্ষামন্ত্রকের বার্ষিক প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে এই মিড ডে মিল প্রকল্পেই। সেখানে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মোট ১১ দফা সুপারিশ করেছে শিক্ষামন্ত্রক। উল্লিখিত বিষয়গুলি তো আছেই। একইসঙ্গে শিক্ষামন্ত্রক সুপারিশ করেছে যে, মিড ডে মিল খাবারের মানোন্নয়নে স্কুলগুলি ‘কিচেন গার্ডেন’ তৈরির উপর জোর দিক। নিয়মিতভাবে রাঁধুনি-কাম-সহায়কদের দক্ষতা বৃদ্ধি নিয়ে মূল্যায়ন হোক। মিড ডে মিলের রাঁধুনি-কাম-সহায়কদের সাম্মানিকও প্রয়োজনমতো বৃদ্ধির কথা বলেছে শিক্ষামন্ত্রক। তারা মনে করছে, দিনের অর্ধেকেরও বেশি সময় রাঁধুনিরা এই কাজে নিযুক্ত থাকেন। অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা দিতে হয় এর পিছনে। 
পাশাপাশি শিক্ষামন্ত্রকের সুপারিশ, পিএম পোষণের গুণগত মান উন্নত করতে নিয়মিতভাবে আন্তঃজেলা এবং আম্তঃরাজ্য পরিদর্শন শুরু হোক। ওই বার্ষিক প্রতিবেদনে শিক্ষামন্ত্রক যে খতিয়ান দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সপ্তাহে একদিন করে মিড ডে মিলে ডিম, চিজ, মাশরুম দেয়। রাজস্থান সরকার প্রতিদিনের সূচিতে গরম দুধের বন্দোবস্ত করে। গুজরাতে সপ্তাহে পাঁচদিন এবং হরিয়ানায় সপ্তাহে তিনদিন দুধ দেওয়া হয়। কেরলও সপ্তাহে দু’বার দুধ দেয় মিড ডে মিলে। ওড়িশায় সপ্তাহে দু’বার এবং তেলেঙ্গানায় সপ্তাহে তিনবার মিড ডে মিলের খাবারে ডিম দেওয়া হয়। পুদুচেরিতে প্রতিদিন দেওয়া হয় দুধ। সপ্তাহে দু’দিন দেওয়া হয় ডিম। ২০২৩-২৪ আর্থিক বছরে পিএম-পোষণ প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই খাতে টাকা দেওয়া হয়েছে ৪ হাজার ৭৪ কোটি ১১ লক্ষ টাকা। এমনই উল্লেখ করা হয়েছে শিক্ষামন্ত্রকের রিপোর্টে।
সম্পর্কিত সংবাদ