Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড ডে মিলে পিঠে পুলি মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে

মিড ডে মিলে পিঠে পুলি মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: নতুন বছরে মিড ডে মিলে একটু স্বাদ বদল। সাধারণত বিদ্যালয়ের মিড ডে মিলে কোনওদিন ভাত, ডাল, সব্জি, আবার কোনওদিন সয়াবিন, কোনওদিন ডিমের ব্যবস্থা থাকে। কিন্তু, পৌষ সংক্রান্তি উপলক্ষে মিড ডে মিলে হরেক রকমের পিঠে পুলি আর নলেন গুড়ের পায়েসের আয়োজন করল মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। বুধবার পিঠে পুলি উৎসবে সকাল থেকেই মিড ডে মিলের রাঁধুনিরা রকমারি পিঠেপুলি থেকে শুরু করে পায়েস তৈরি করলেন। এদিন প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী এই পিঠে পুলি উৎসবে অংশ নেয়। ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবকরাও। মিড ডে মিলে ভাতের বদলে পিঠে পুলি পেয়ে খুবই খুশি ছাত্রছাত্রীরা। এদিন মিড ডে মিলে মেনু ছিল চিতই পিঠে, পুলি পিঠে এবং নলেন গুড়ের পায়েস। তা দেখে খুবই খুশি পঞ্চম শ্রেণির জুলি খাতুন। যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির প্রবণতা কম, সে দিক থেকে এই বিদ্যালয় ব্যতিক্রম। প্রতিবছরই এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২৫ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১৯২। ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলা এবং উপস্থিতির হার বাড়াতে ডিজিটাল অ্যাটেডেন্স, ডিজিটাল লাইব্রেরি, প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট ক্লাস, কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, মকর সংক্রান্তিতে বাঙালির ঘরে ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন হয়। তা থেকে আমাদের কচিকাঁচারা বঞ্চিত হবে কেন? গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরতে এবং বিদ্যালয়মুখী করে তুলতে আজকের এই পিঠে পুলি উৎসবের আয়োজন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ