নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভ্যালেন্টাইনস ডে ঘিরে বাম ছাত্র-যুবদের প্রবল উত্সাহ চোখে পড়ল এবছর। আগের দিন বৃহস্পতিবার এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির ডাকে ‘ভালোবাসার মিছিল’ করেছে। আর রাসবিহারী আঞ্চলিক কমিটি লেক মার্কেটে বুক স্টল দিয়েছে। স্টলের নাম, ‘ভালোবাসার ইশতেহার’। ছাত্রদের বক্তব্য, গেরুয়া শিবিরের হিংস্র অ্যান্টি রোমিও স্কোয়াডের বিরুদ্ধে এটাই আমাদের শান্ত উদ্যোগ। এর পাশাপাশি শুক্রবার যাদবপুরে বের হবে ভালোবাসার মিছিল। কিন্তু জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ নিয়ে দলের মধ্যে চলছে সমালোচনা। বাম অন্দরমহলেই প্রশ্ন উঠেছে, ‘ক্যাম্পাস রাজনীতি, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা না বলে ছাত্র সংগঠন কি এখন ভালোবাসার দিবস উদযাপনে লেগে পড়ল? এভাবে তরুণ প্রজন্মকে কাছে টানা সম্ভব হবে তো?’এসএফআই নেতৃত্বের এ বিষয়ে বক্তব্য, ‘বিজেপির বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে এটিই আমাদের পন্থা।’ এসএফআই কলকাতা জেলার সম্পাদক দীধিতি রায় বলেন, ‘মানুষের ভালোবাসার সংজ্ঞা বিজেপি-আরএসএস নিজের ধারণা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে চায়। দু’টি মানুষের একসঙ্গে থাকার ক্ষেত্রে তাঁদের জাত, ধর্ম, লিঙ্গ বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর উল্টো দিকে এসএফআই সমস্ত জাত-ধর্ম-লিঙ্গের ভালোবাসার কথাই বলছে।’ কিন্তু ফেব্রুয়ারি মাসে ভালোবাসার সপ্তাহ উদযাপন তো পাশ্চাত্য ধারণা। তা কি ‘ক্যাপিট্যালিস্ট ব্র্যান্ডিং’ নয়? নেতৃত্বের বক্তব্য, ‘সেটা ঠিকই। কিন্তু আমরা ওই দিকে হাঁটতে চাই না। সকলে যেন ভালোবাসা উদযাপন করার পরিসর পান। রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে সেই পরিসর যেন তৈরি হয়। তারই প্রচেষ্টা। যেহেতু ক্যাম্পাসে নির্বাচন বন্ধ। তাই বর্তমানে রাজনীতি সচেতন পড়ুয়ারা নির্বাচন সম্পর্কে অবগতই হচ্ছেন না। তাই এ ধরনের কর্মসূচির মাধ্যমেই বিজেপির বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে মতামত তৈরির চেষ্টা চলছে।’



