Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের অঙ্ক কষতে ব্যস্ত, বন্যা দুর্গত এলাকায় দেখা নেই মৌসমের, কংগ্রেসের নীচুতলায় প্রবল ক্ষোভ

কখনও ব্যক্তিগত কাজে কলকাতায়। কখনও আবার কোতোয়ালিতে বসে সাংগঠনিক বৈঠকের নামে ভোটের অঙ্ক কষতেই ব্যস্ত।

ভোটের অঙ্ক কষতে ব্যস্ত, বন্যা দুর্গত এলাকায় দেখা নেই মৌসমের, কংগ্রেসের নীচুতলায় প্রবল ক্ষোভ
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: কখনও ব্যক্তিগত কাজে কলকাতায়। কখনও আবার কোতোয়ালিতে বসে সাংগঠনিক বৈঠকের নামে ভোটের অঙ্ক কষতেই ব্যস্ত। ভূতনি সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা এবং রতুয়ার একটা বড়ো অংশ বন্যায় ভাসলেও দুর্গত এলাকায় এখনও পা রাখতে পারলেন না প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। এনিয়ে কংগ্রেসের নীচুতলায় চরম ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের বক্তব্য, বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে ব্যক্তিগত কাজ ও সাংগঠনিক বৈঠক নিয়েই ব্যস্ত মৌসম। মানুষের বিপদের দিনে যদি তাঁদের পাশে দাঁড়ানো না যায়, সেক্ষেত্রে নির্বাচনের সময় তাঁদের কাছে গিয়ে ভোট চাইব কীভাবে? এনিয়ে কংগ্রেস কর্মীদের অনেকে দলের জেলা সভাপতি তথা দক্ষিণ মালদহের সাংসদ ঈশা খান চৌধুরীর কাছে নালিশ জানিয়েছেন বলে সূত্রের খবর। 

Advertisement

যদিও সোমবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেসের অ্যাডভাইসরি কমিটির সদস্য তথা উত্তর মালদহের প্রাক্তন সাংসদ মৌসম বলেন, রেজিনগর উপনির্বাচনে দলের তরফে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। সেসব পালন করতে হচ্ছে। দু-একদিনের মধ্যেই বন্যা দুর্গত এলাকায় যাব। তবে বানভাসি এলাকায় দলের নেতৃত্বের সঙ্গে নিয়মিত আমার যোগাযোগ রয়েছে। তাঁরা যাতে দলের তরফে বানভাসিদের পাশে দাঁড়ান, সেব্যাপারে প্রয়োজনীয় বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল ছেড়ে মৌসম কংগ্রেসে ফেরায় মালদহে হাত শিবির অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে মালতিপুর কেন্দ্র থেকে লড়াই করে হারের পর তিনি কার্যত ‘ঘরবন্দি’ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এনিয়ে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, নির্বাচন পরবর্তী গত চারমাসে দলের হাতেগোনা কয়েকটি কর্মসূচিতে দেখা গিয়েছে মৌসমকে। বেশিরভাগ সময় তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় পড়ে থাকছেন। কিংবা মালদহে থাকলেও কোতোয়ালির বাড়ি ছেড়ে বের হননি। ফলে কংগ্রেসের নীচুতলার কর্মীদের উজ্জীবিত করতে আদৌও মাঠে-ময়দানে সেভাবে পাওয়া যাচ্ছে না তাঁকে। তাছাড়া বর্তমানে মালদহের একটা বড়ো অংশের মানুষ বন্যা কবলিত। রাজের শাসক দলের নেতা-মন্ত্রীরা দুর্গত এলাকায় গেলেও উত্তর মালদহের প্রাক্তন সাংসদ হিসাবে মৌসম এখনও বানভাসি এলাকায় পা রাখার সময় পেলেন না। এটা মানুষ যেমন মোটেই ভালোভাবে নেননি, তেমনই রাজনৈতিকভাবেও কংগ্রেসের এতে ক্ষতি হল। রতুয়ার এক কংগ্রেস কর্মী বলেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ফের উত্তর মালদহ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন মৌসম। সেই লক্ষ্যে দলের কর্মীদের নিয়ে তিনি মাঝেমধ্যেই কোতোয়ালির বাড়িতে বসে বৈঠক করছেন। ভোটের অঙ্ক কষছেন। কিন্তু ভূতনির কথা নয় বাদ দিলাম, উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের অধীন রতুয়ার মহানন্দাটোলা, বিলাইমারির বন্যা পরিস্থিতি ভয়াবহ। সেখানকার বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এখনও পর্যন্ত দুর্গত এলাকায় যেতে পারলেন না মৌসম?রতুয়া-১ ব্লকের কংগ্রেস সভাপতি পরিতোষ সিং বলেন, নেত্রীর সঙ্গে কথা হয়েছে। আগামী বুধ কিংবা বৃহস্পতিবার মৌসম রতুয়া-১ ব্লকে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে আসবেন।
দলে মৌসম নূরের সক্রিয়তা নিয়ে অবশ্য জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরীর দাবি, মৌসম উত্তর মালদহের সংগঠনের কাজে বেশি মন দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ