গল: অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী টেস্ট স্মরণীয় করে তুলতে ব্যর্থ শ্রীলঙ্কা। গলে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করল দ্বীপরাষ্ট্রের দেশটি। বলা ভালো, হার বাঁচাল তারা। প্রথম ইনিংসে টাইগার-ব্রিগেডের ৪৯৫ রানের জবাবে শ্রীলঙ্কা তোলে ৪৮৫। এরপর ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অ্যাওয়ে দল। জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ রানেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত পঞ্চম দিনের শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৭২। বিদায়ী টেস্টে বড় রান পাননি ম্যাথিউজ। দুই ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ৩৯ ও ৮। তবে ম্যাচ শেষে সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর দর্শকদের সঙ্গেও আবেগে ভাসেন তিনি। উল্লেখ্য, ২০০৯ সালে এই গলেই টেস্ট অভিষেক হয়েছিল ম্যাথিউজের। আর দীর্ঘ ১৬ বছরের টেস্ট কেরিয়ারের ইতিও টানলেন একই স্টেডিয়ামে। এই পর্বে ১১৯ ম্যাচে তাঁর সংগ্রহ ৮২১৪ রান। তাতে শামিল ১৬টি শতরান।



