Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যুবভারতীতে ম্যাচ করুন, লগ্নিকারী কর্তাদের বার্তা ইস্ট বেঙ্গলের

আর কয়েকদিন পরেই শুরু আইএসএল। কিন্তু হোম ম্যাচ কোথায় খেলবে ইস্ট বেঙ্গল?

যুবভারতীতে ম্যাচ করুন, লগ্নিকারী কর্তাদের বার্তা ইস্ট বেঙ্গলের
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর কয়েকদিন পরেই শুরু আইএসএল। কিন্তু হোম ম্যাচ কোথায় খেলবে ইস্ট বেঙ্গল? যুবভারতী না কিশোর ভারতী? এই প্রশ্নে দড়ি টানাটানি চলছেই। খরচ কমাতে লগ্নিকারী সংস্থার পছন্দ সন্তোষপুরের স্টেডিয়াম। এইপ্রসঙ্গে শীর্ষ কর্তা দেবব্রত সরকার স্পষ্ট জানালেন, ‘কিশোর ভারতীতে ম্যাচ হলে খেলা দেখার প্রশ্নই নেই। কর্মসমিতির সবাই বয়কট করতে চান।’ কিন্তু আসল সমস্যা কোথায়? কিশোর ভারতীতে মেরেকেটে ৮-৯ হাজার দর্শক খেলা দেখতে পারেন! কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য তা নগণ্য। সদস্য, সমর্থক ছাড়াও বিভিন্ন অতিথি, স্পনসরদের টিকিট রয়েছে। কিশোর ভারতীতে সেই সংকুলান অসম্ভব। শীর্ষ কর্তার বক্তব্য, ‘ম্যাচ আয়োজনের জন্য কোম্পানির নির্দিষ্ট বাজেট রয়েছে। তা হলে যুবভারতী পেতে সমস্যা কোথায়? সদস্য , সমর্থকরা দলের সম্পদ। তাঁরা ম্যাচ দেখতে না পেলে আয়োজনের দরকার নেই।’ পাশাপাশি তিনি আশাবাদী, পরিস্থিতি উপলব্ধি করে যুবভারতীতেই খেলার সিদ্ধান্ত নেবে বিনিয়োগকারী সংস্থা। আসলে দীর্ঘ টালবাহানার পর শুরু হচ্ছে আইএসএল। অনিশ্চিয়তার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছিল ইস্ট বেঙ্গল। মাঠে ফুটবল ফেরাতে সক্রিয় ভূমিকা নেন কর্তারা। চলতি মরশুমে দল নিয়েও আগ্রহ তুঙ্গে। জনপ্রিয়তা কাজে লাগানোর বদলে খরচ কমানোর মনোভাব গ্রহণযোগ্য নয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান যুবভারতীতেই খেলবে। সেখানে ইস্ট বেঙ্গল কিশোর ভারতীতে খেললে তা মানানসই হবে কি?

Advertisement

মুখ্যমন্ত্রীর আহ্বানে ইস্ট বেঙ্গলের পাশে দাঁড়িয়েছিল ইমামি গোষ্ঠী। তাদের ধন্যবাদ জানিয়ে দেবব্রত সরকারের মন্তব্য, ‘অতীতে লগ্নিকারী সংস্থা আধ্যাত্মিকতা নিয়ে ছিল। কয়েক বছর হল ফুটবলের সঙ্গে জড়িত হয়েছে। আমরা ইমামির কাছে কৃতজ্ঞ। ওঁরা সর্বদাই বলেন, বিকল্প বিনিয়োগকারী না পাওয়া অবধি আমরা পাশে আছি। তবে ক্লাবের তরফেও সাধ্যমতো স্পনসর খুঁজে দেওয়া হয়।’ এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু ময়দানে। তবে কি লগ্নিকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া ভাঙতে চলেছে? এদিকে, লাল-হলুদের নতুন বিদেশি স্ট্রাইকার ইউসেফ এজেজ্জারির ভিসা সমস্যা মিটল।

Advertisement
সম্পর্কিত সংবাদ