মুম্বই: গোকুল দুগ্ধ সমবায়ের নির্বাচন নিয়ে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। পথে নামলেন হাজার হাজার কৃষক। কংগ্রেসের ডাকা মিছিলে সোমবার কার্যত জনস্রোতের সাক্ষী থাকল কোলাপুর। দশেরা চক থেকে জেলাশাসকের কার্যালয় পর্যন্ত চলে ‘সংঘর্ষ মোর্চা’। সমবায় কবজা করতে রাতারাতি মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের আইন সংশোধনের প্রতিবাদে গরজে উঠল মিছিল। সমবায়ের ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু সরকার এই রায়কে আইনি মারপ্যাঁচে নস্যাৎ করার চেষ্টা করছে বলে অভিযোগ।
এনিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেও। এক্স হ্যান্ডলে তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী অন্যদের নৈরাজ্যবাদী বলে কটাক্ষ করেন। অথচ একটি সমবায় ভোটে হারার পর জনগণের রায় মেনে নিতে নারাজ। ঘুরপথে সমবায় দখলের চেষ্টা করছেন। যারা জনগণের রায়কে পদদলিত করে ক্ষমতা দখলের চেষ্টা চালায়, তারাই প্রকৃত নৈরাজ্যবাদী।’
গোকুল দুগ্ধ সমবায়ের ভোটে কংগ্রেস নেতা সতেজ পাতিলের নেতৃত্বাধীন প্যানেল ১৩টি আসনে জিতেছে। মোট ২৫ আসনের মধ্যে ১২টি আসন মহাযুতির দখলে। এরপর থেকেই সমবায় দখলে মরিয়া বিজেপি। তড়িঘড়ি মহারাষ্ট্র সরকার একটি নতুন অধ্যাদেশ জারি করে রাজ্যের সমবায় আইনে সংশোধন এনেছে। এক্ষেত্রে বার্ষিক ৫০০ কোটির বেশি টার্নওভার থাকা সমবায় বোর্ডে সরকার ৫ জনকে মনোনীত করতে পারবে। তাঁদের মধ্যে ৪ জনের ভোটাধিকার থাকবে। এর জেরে গোকুলে শাসক জোটের সংখ্যা বেড়ে ১৬ হবে। এই পদক্ষেপের বিরুদ্ধেই এদিনের মিছিল। মিছিলকে সমর্থন করে এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, ‘গোকুল দুগ্ধ সমবায়ে জোর করে ক্ষমতা দখলের বিষয়টি বোধগম্য হচ্ছে না। বাবাও (শারদ পাওয়ার) পুরো ঘটনার উপর নজর রেখেছেন।’



