ইনফ্লুয়েন্সারের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব, মারধরে মৃত্যু
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অন্য যুবকের সঙ্গে পছন্দের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিয়ে মেনে নিতে পারেননি এক অনুরাগী। তাই কর্মভূমি চেন্নাই থেকে ওই যুবক সোজা পৌঁছে যান দিল্লিতে। জোর করে ওই যুবতীর বাড়িতে ঢুকে প্রস্তাব দেন, ‘আমাকে বিয়ে করতে হবে।’ কিন্তু তার পরিণাম হল ভয়ংকর! যুবতীর পরিবারের মারধরের জেরে মৃত্যু হল ওই যুবকের। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। জানা গিয়েছে, ওই নেটপ্রভাবীর নাম নেহা বিস্ত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৬ লক্ষেরও বেশি। তাঁদের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা অভিনব। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদান ও বিয়ের প্রস্তুতির নানা ভিডিয়ো ও ছবি পোস্ট করছিলেন নেহা। তা মেনে নিতে পারেননি অভিনব। গত ৭ নভেম্বর সটান নেহার বাড়িতে পৌঁছে বিয়ের প্রস্তাব দেন। যুবতীর পরিবারের তরফে দায়ের করা এফআইআরে দাবি করা হয়েছে, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিল অভিনব। 

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অভিনবকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় রাজীব গান্ধী হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন ১৫ নভেম্বর মৃত্যু হয়েছে অভিনবের। ঘটনায় নেহার বাবা বীরেন্দ্র বিস্ত ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে নেহার বাড়ি ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ।