নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এই প্রথম ফিফা র্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা কোনো দলের বিরুদ্ধে খেলবে ব্লু টাইগার্স। ইতিমধ্যে এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। তার উপর গত শুক্রবার বেঙ্গালুরুর কান্তিরাভায় পানামার বিরুদ্ধে ড্র করে প্রত্যাশা আরও বাড়িয়েছে খালিদ জামিলের ছেলেরা। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে সোমবারই শহরে পা রাখছেন রায়ান উইলিয়ামস-আনোয়ার আলিরা। আগামী কয়েকদিন কলকাতায় প্রস্তুতি সারবেন তাঁরা। তবে ফুটবলের মক্কায় ব্রাজিল পা রাখবে ১ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি প্রীতি ম্যাচ রয়েছে কার্লো আনসেলোত্তি ব্রিগেডের। তারপরই কলকাতার উদ্দেশে রওনা দেবে তারা। তবে শহরবাসীর জন্য রবিবারই এক ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস। এআইএফএফ তা পোস্ট করে। জোড়া চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই অভিজ্ঞ ডিফেন্ডার বলেন, ‘নমস্কার কলকাতা। খুব দ্রুত আমরা আপনাদের শহরে পা রাখছি। আশা করব, সেখানেও আমরা একইরকম ভালোবাসা পাব।’ উল্লেখ্য, গোটা কলকাতায় অসংখ্য ব্রাজিল অনুরাগী রয়েছেন। তাই ৩ অক্টোবর যুবভারতীর গ্যালারিতে নীল জার্সির পাশাপাশি হলুদ জার্সিও দাপট দেখাবে।



