নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বাজার আগুন! প্রতিমা, ফুল, ফল, সবজি, মুড়ি, খই থেকে চাল, ডাল সবকিছুর দামই আকাশছোঁয়া। কোথাও সেঞ্চুরি হাঁকিয়েছে লক্ষ্মীসরা। ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচা লঙ্কার দাম। আবার কোথাও মুড়ি ও খইয়ের দাম হাঁকিয়েছে সেঞ্চুরি! তবু লক্ষ্মীপুজোয় মেতেছেন মধ্যবিত্ত বাঙালি। শুক্রবার শিলিগুড়ি থেকে কোচবিহার, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার সর্বত্র বাজার ছিল জমজমাট। এরমধ্যে মহিলাদের ভিড় ছিল উল্লেখযোগ্য। সকলেরই বক্তব্য, দামের ঝাঁজে চোখ জ্বালা করলেও লক্ষ্মীপুজোর প্রস্তুতিতে খামতি রাখা হচ্ছে না।
আজ, শনিবার রাত পোহালেই রবিবার কোজাগরি লক্ষ্মীপুজো। তাই শুক্রবার থেকেই শিলিগুড়িতে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। এদিন শহরের বিধান মার্কেট, বিধানরোড, হিলকার্ট রোড প্রভৃতি এলাকায় ফুটপাতে লক্ষ্মী সরা ও প্রতিমা নিয়ে বসেন মৃৎশিল্পীরা। মাটির সরায় আঁকা লক্ষ্মী ঠাকুরের দাম ১৫০-২০০ টাকা, বিভিন্ন আকারের প্রতিমার দামও ভিন্ন। যার দাম শুরু ২০০ টাকা থেকে। ২৫০০ ও ৩০০০ টাকা দামের প্রতিমাও বাজারে এসেছে। কোচবিহার ও জলপাইগুড়িতেও প্রতিমার দাম একই।
সংশ্লিষ্ট তিন এলাকায় পুজোর ফুল ও উপকরণের দামও একই। পদ্মফুলের কুঁড়ি ও ফুলের দাম যথাক্রমে, ২০-২৫ এবং ৪০-৫০ টাকা পিস। ধানের শিষ ১০ টাকা, শিষের গোছা ৫০-৬০ টাকা, ধান ৫০ টাকা কেজি। ফলের দামও বেশ চড়া। বাতাবি লেবু ৫০-৬০ টাকা, আখ ৬০-৭০ টাকা পিস, পাকা কলা ৬০-৭০ টাকা ডজন, নারকেল ৯০ টাকা জোড়া, আপেল ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
আর সবজির বাজার কার্যত আগুন। কাঁচা লঙ্কার দাম ১২০ টাকা কেজি। মূলার দামও একই। এছাড়া ফুলকপি ৫০, বাঁধাকপি ৪০ এবং বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভোগের খিচুড়ি রান্নার জন্য গোবিন্দ ভোগ চাল ও মুগডালের দাম ছিল ১৪০ এবং ১২০ টাকা কেজি। মুড়ি ও খইয়ের দাম ১০০ টাকা কেজি। তা হলেও শহরের বিধান মার্কেট, ক্ষুদিরামপল্লি বাজার, হায়দরপাড়া বাজার, দশরথপল্লি বাজার, শিলিগুড়ি টাউন স্টেশন বাজার সর্বত্র ক্রেতাদের ঠাসা ভিড় ছিল। বিধান মার্কেটে কেনাকাটার ফাঁকে গৃহবধূ সঞ্চিতা দে ও শিক্ষক গোপাল দাস বলেন, বাজার আগুন। ফুল, ফল, সবজি, চাল সবকিছুর দামের ঝাঁজে চোখে জল আসছে। তা হলেও লক্ষ্মীপুজোর প্রস্তুতি নিচ্ছি। নিয়ম-নিষ্ঠার সঙ্গেই পুজো করা হবে।
আলিপুরদুয়ারে পুজোর বাজার কার্যত আগুন। এখানে সেঞ্চুরি হাঁকিয়েছে লক্ষ্মীর সরা। এছাড়া আপেল ২০০, নাসপাতি ২০০, মোসম্বি ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জোড়া নারকেলের দাম ১৫০ টাকা। একটা গোটা আখ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই ভাবে লক্ষ্মীপুজোর আগে আনাজ সবজির দামও আকাশ ছুঁয়েছে। বেগুন ৮০, ফুলকপি ৮০, বাঁধাকপি ৬০ টাকা কেজি। কোয়াশ ৩০, পেঁপে ২০ টাকা কেজি। কাঁচা লঙ্কা ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে। একমাত্র আলুর দাম স্থিতিশীল থাকায় গৃহস্থরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। • নিজস্ব চিত্র।



