ওয়াশিংটন: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তারপরেই নয়াদিল্লি ও তেহরানের বাণিজ্য চুক্তি নিয়ে জল্পনা শুরু হয়। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করিনা ইরান ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।’ পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে তার ফল ভুগতে হবে দেশগুলিকে।
মার্কিন বিদেশ সচিব আরও জানিয়েছেন, শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখছে। সমঝোতা আলোচনার অংশ হিসাবে তেহরানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকাও। সেই সূত্রেই তিনি বলেন, ‘কোনো দেশ যদি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানকে উপার্জনের সুবিধা করে দেয়। আর সেই অর্থ দিয়ে তেহরান জঙ্গিবাদে মদত দেয় বা পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ে তোলে, তবে সংশ্লিষ্ট দেশটিকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।’ আমেরিকার অবস্থান স্পষ্ট করে মার্কিন বিদেশ সচিব বলেন, ‘ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে না।’