Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান-আসানসোল ডিভিশনে বহু ট্রেনই দেরিতে চলায় ক্ষোভ

নিয়মিত নির্ধারিত সময়ের থেকে ট্রেন দেরিতে আসছে। ফলে অফিসে বা গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে বলে অভিযোগ তুলছেন বর্ধমান-আসানসোল লাইনের যাত্রীরা

বর্ধমান-আসানসোল ডিভিশনে  বহু ট্রেনই দেরিতে চলায় ক্ষোভ
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: নিয়মিত নির্ধারিত সময়ের থেকে ট্রেন দেরিতে আসছে। ফলে অফিসে বা গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে বলে অভিযোগ তুলছেন বর্ধমান-আসানসোল লাইনের যাত্রীরা। রেলকে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা দরকার। এই ব্যাপারে আসানসোল ডিভিশনের এক আধিকারিক জানান, ট্রেন সময়ে চালানোর চেষ্টা করা হয়। লাইনের রক্ষণাবেক্ষন, ব্লক প্রভৃতি কারনে ট্রেন দেরিতে চলে। তবে পরিষেবা যাতে স্বাভাবিক থাকে সেদিকেই আমাদের লক্ষ্য থাকে। 

Advertisement

আসানসোল ডিভিশনের গলসি, পারাজ, মানকর, পানাগড় স্টেশন থেকে বহু মানুষ প্রতিদিন জীবিকার তাগিদে বর্ধমান ও দুর্গাপুরে যান। কিন্তু যাত্রীদের অভিযোগ, আসানসোল ও বর্ধমানগামী অনেক লোকাল ট্রেন সময়ে আসে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সকালে আসানসোলগামী ৬৩৫০৭ ট্রেনটির উপর অনেক অফিস যাত্রী নির্ভর করেন। কিন্তু দেখা যায় প্রায়ই ট্রেনটি দেরি করে। ট্রেনে থাকা যাত্রী বাদল সাহা বলেন, এই ট্রেনে গিয়ে অনেকেই দুর্গাপুরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজে যোগ দেন। দেরি করলে সময়ে অফিস পৌঁছানো যায় না। যাত্রীদের অভিযোগ, এই ট্রেনটি ছাড়াও ৬৩৫০৯ বর্ধমান-ঝাঝা লোকাল, ৬৩৫১১, ৬৩৫১৩ সহ অন্য লোকাল ট্রেনগুলিও লেট করছে। প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটছে। এভাবে সময়ের অপচয় হচ্ছে। পরিষেবা বিঘ্নিত হচ্ছে। গলসির যাত্রী জয় বন্দ্যোপাধ্যায় বলেন, লোকাল ট্রেনের উপর ভরসা রেখে গন্তব্যে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন যাতায়াত করি। কিন্তু বিকেলের পর বর্ধমানে আসার লোকাল ট্রেন প্রায়ই লেট করছে। অথচ এই ট্রেনগুলির উপর ভরসা করেই সাধারণ যাত্রীদের পাশাপাশি বহু মানুষ বর্ধমান হাসপাতালে ও বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে যান। অনেক জায়গায় আগে গিয়ে রুগির নাম লেখানোর ব্যাপার থাকে। ট্রেনটি লেট করলে রোগীসহ পরিজনদের সমস্যা হয়। যাত্রীদের অভিযোগ, অনেক সময় দেখা যাচ্ছে বর্ধমান স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে এসে কারশেডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে। মানকরের বাসিন্দা সুরজিৎ গুপ্ত বলেন, এই লাইনের বর্ধমানগামী শেষ লোকাল ৬৩৫২৬ প্রায়ই দেরি করছে। ফলে বাড়ি ফিরতেও দেরি হচ্ছে।    যাত্রীরা জানান, বেশ কিছুদিন আগে গলসি স্টেশনে আসানসোলগামী লোকাল ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। সেদিন ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। ট্রেনের গার্ডের সঙ্গে বচসার পরিস্থিতিও তৈরি হয়। এত কিছুর পরেও লোকাল ট্রেনের পরিষেবার দিকে কেন নজর দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।   প্রতিদিনই দেরিতে আসছে বর্ধমান আসানসোল লাইনের লোকাল ট্রেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ