সংবাদদাতা, শিলিগুড়ি: ফরাক্কার কাছে রেললাইনে ভূমিধসের জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতির কারণে শুক্রবারের পর শনিবারও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আর সেই সুযোগে শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে কলকাতাগামী বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ময়দানে নামেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ৪০টি সরকারি বাস চালানোর ব্যবস্থা করেন। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় শিলিগুড়িতে আটকে পড়েন বহু পর্যটক সহ সাধারণ যাত্রী। বাধ্য হয়ে তাঁদের একট বড়ো অংশকে সড়কপথে গন্তব্যে যাওয়ার জন্য বাসের উপর নির্ভর করতে হয়। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। সরকারি বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় বেসরকারি বাসের উপর নির্ভরতা বাড়ে। অভিযোগ, এই সুযোগে কয়েকটি ক্ষেত্রে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করা হয়েছে। ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত সরকারি বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়। পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে আলোচনা করে শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ৪০টি সরকারি বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ওই বাসগুলির যাত্রা শুরু করান মন্ত্রী শংকর ঘোষ।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনও তৎপর হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্কর বাস মালিক ও ট্যুর অপারেটরদের সঙ্গে জরুরি বৈঠক করেন। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পর্যটন শাখার চেয়ারম্যান সম্রাট সান্যাল জানান, বৈঠকে বেসরকারি বাস মালিকদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে বাস মালিকরাও বাড়তি ভাড়া না নেওয়ার আশ্বাস দিয়েছেন। রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী দুর্ভোগ কমাতে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও পরিবহণ দপ্তর। এদিকে, রেলের তরফে জানানো হয়েছে, কিছু ট্রেন বিকল্প পথে চালানো হবে। পূর্ব রেল এবং পূর্ব-মধ্য রেলের বিভিন্ন ডাইভার্টেড রুটে ওই ট্রেনগুলি চলাচল করতে পারে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও পরিষেবার সর্বশেষ তথ্য রেলের সরকারি অনুসন্ধান মাধ্যম থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। নিজস্ব চিত্র