তালফোঁপর ছাড়াই এবছর পুজো সারলেন বহু মানুষ
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: লক্ষ্মীপূজার রীতি অনুযায়ী কাকদ্বীপ এলাকায় প্রসাদের থালায় তালের ফোপর দেওয়ার প্রথা রয়েছে। তাই ফলের সঙ্গে প্রতিবছর এই তালের আঁটিও বিপুল পরিমাণ বিক্রি হয়। কিন্তু এবছর বাজারে চাহিদা থাকলেও, তা অপ্রতুল। কারণ অতীতের থেকে এখন তালগাছের সংখ্যা অনেকটাই কমেছে। এছাড়াও এবছর টানা বৃষ্টির কারণে তালের আঁটিগুলি নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে সমস্যায় পড়েছেন এখানকার বাসিন্দারা।

Advertisement

গত বছরও লক্ষ্মীপুজোর সময় বাজারে বিপুল সংখ্যক তালের আঁটি বিক্রি হয়েছিল। অথচ ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছর তার অর্ধেকও বিক্রি হয়নি। মূলত ব্যবসায়ীরা স্থানীয় এলাকা থেকে তালের আঁটি সংগ্রহ করে নিয়ে এসে বাজারে বিক্রি করেন। কিন্তু এবছর তাঁরা বেশি করে সংগ্রহ করতে পারেননি। কারণ টানা বৃষ্টির জেরে বেশিরভাগ বাড়ির বাগানে পুঁতে রাখা আঁটি নষ্ট হয়ে গিয়েছে। তাই চাহিদা থাকলেও, এবছর আঁটি না পেয়ে শুধুমাত্র ফল কিনেই বাড়িতে ফিরতে হয়েছে গৃহস্থদের। বিষয়টি নিয়ে এক ক্রেতা অণিমা দাস বলেন, প্রতিবছরই লক্ষ্মীপুজোর সময় ফলের সঙ্গে তালের আঁটি কিনে নিয়ে যাই। ওই আঁটির ভিতরে থাকা শাঁস প্রসাদ হিসেবে দেবীকে দেওয়া হয়। কিন্তু এবছর বাজারে ভালো আঁটি পেলাম না। তাই শুধু ফল কিনে নিয়েই বাড়িতে ফিরতে হচ্ছে।পূজার সামগ্রী বিক্রেতা এক ব্যবসায়ী সুচিত্রা মণ্ডল বলেন, গতবছর লক্ষ্মী পুজোর সময় দশ টাকায় চারটে করে তালের আঁটি বিক্রি করেছি। এক বেলায় প্রায় ১০০টি বিক্রি করেছিলাম। কিন্তু এবছর আঁটি পাওয়া যাচ্ছে না। দশ টাকায় তিনটে করে বিক্রি করতে হচ্ছে। তাও সব বিক্রি হয়ে গিয়েছে। বহু ক্রেতা না পেয়ে ফিরে গিয়েছেন।